আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপের মধ্যেই প্রেমে হাবুডুবু খাচ্ছেন ভারতের তারকা অলরাউন্ডার। একদিন আগেই বান্ধবীর জন্মদিন ঘটা করে পালন করেন হার্দিক পাণ্ডিয়া। ইনস্টাগ্রামে মাহেকা শর্মার ২৫তম জন্মদিনে বিশেষ বার্তা দেন। এবার পাল্টা ভালবাসা উজাড় করে দিলেন ভারতীয় অলরাউন্ডারের গার্লফ্রেন্ড। সেই পোস্ট এবার স্পটলাইট দখল করে নিয়েছে। নিজেদের একটি ভিডিও প্রকাশ্যে আনেন হার্দিক। সেখানে দু'জনকে একসঙ্গে সেলিব্রেট করতে দেখা যায়। ভিডিওতে একে অপরের মধ্যে ডুবে থাকতে দেখা যায় হার্দিক এবং মাহেকাকে। খোশমেজাজে ছিলেন দু'জনেই। আলোর রোশনাইয়ের মধ্যে বাগানে হাত ধরে হাঁটা থেকে উষ্ণ আলিঙ্গন, সবই ছিল ভিডিওতে। ভিডিওর শেষে ফানুশ উড়িয়ে দিতে দেখা যায় হার্দিক এবং মাহেকাকে। ভিডিওর ক্যাপশনে হার্দিক লেখেন, 'শুভ জন্মদিন প্রিন্সেস।'
ভিডিওর ক্যাপশনের পাশাপাশি একটি আবেগঘন বার্তা দেন তারকা ক্রিকেটার। হার্দিক লেখেন, '২৫ বছর আগে এই পৃথিবীতে আসার জন্য ধন্যবাদ। আমার দেখা সবচেয়ে ভাল মানুষ তুমি। আমি তোমাকে ভালবাসি।' হার্দিকের পোস্টে জবাব দেন মাহেকা। লেখেন, 'এইবছর তুমি আমার সেরা উপহার।' এখানেই থামেননি। হার্দিকের সঙ্গে বিশেষ মুহূর্তের একটি কোলাজ দেন। সেখানে আবেগতাড়িত একটি ক্যাপশন দেন। মাহেকা লেখেন, 'আমি আমার মানুষকে ভালবাসি। সেরা জন্মদিন উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। আমি বিশ্বের সবচেয়ে ভাগ্যবান মহিলা।' সম্প্রতি একসঙ্গে একাধিক জায়গায় দেখা যায় যুগলকে। বছরের শুরুতে মুম্বইয়ে একটি অনুষ্ঠানে যোগ দেন। কালো পোশাকে হাতে হাত রেখে ক্যামেরার সামনে ধরা দেন। গত বছরের অক্টোবরে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন হার্দিক। তারপর থেকে মুম্বই বিমানবন্দরে এবং একাধিকবার ছুটি কাটাতে দেখা যায় তাঁদের। এর আগে নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিয়ে হয়েছিল তারকা ক্রিকেটারের। ২০২০ সালে কোভিডের সময় বিবাহবন্ধনে আবদ্ধ হন। ৩০ জুলাই ছেলে আগস্তোর জন্ম হয়। গতবছরের জুলাইয়ে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। দু'জনেই যৌথ বিবৃতি দিয়ে সম্পর্কে ইতি টানেন।
















