আজকাল ওয়েবডেস্ক:লখনউ সুপার জায়ান্টসের তরুণ পেসার প্রিন্স যাদব এবার বড় স্বপ্ন দেখছেন। 

 ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের জার্সিতে খেলা এবং দেশের দুই কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মার সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করে নেওয়ার স্বপ্ন দেখছেন চলতি আইপিএলে ধারাবাহিক পারফরম্যান্স করে চলা প্রিন্স। 

আইপিএলের এবারের আসরে লখনউ দলের সামগ্রিক পারফরম্যান্স ভাল না হলেও, প্রিন্স যাদব নিজেকে প্রমাণ করেছেন দলের সেরা বোলার হিসেবে। 

নিয়মিত উইকেট নেওয়ার পাশাপাশি গতি ও নির্ভুল লেন্থে বল করে নজর কাড়েন তিনি। 

বর্তমানে তিনি দলের সর্বোচ্চ উইকেট শিকারি এবং পুরো টুর্নামেন্টেও শীর্ষ উইকেট সংগ্রহকারী বোলারদের মধ্যে রয়েছেন।

সম্প্রতি দলের মিডিয়া টিমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিন্স বলেন, তিনি ২০২৭ সালের বিশ্বকাপে কোহলি ও রোহিতের সঙ্গে খেলতে চান এবং তাঁদের সঙ্গে ট্রফি জিততে চান। 

প্রিন্সের কথায়, ''আমি ভাবছি কবে আমি ২০২৭ বিশ্বকাপে বিরাট ও রোহিতের সঙ্গে খেলতে পারব। আমরা সেই বিশ্বকাপ জিতব। এটাই লক্ষ্য।'' 


অন্যদিকে, রোহিত শর্মা ও বিরাট কোহলি ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট ইতিহাসে নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখেছেন।

ওয়ানডে বিশ্বকাপ জেতা হয়নি রোহিতের। না সদস্য হিসেবে, না অধিনায়ক হিসেবে। ২০২৩ বিশ্বকাপে খুব কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার কাছে হেরে হতাশ হতে হয় ভারতকে।

কোহলি ও রোহিত দু'জনেই এখন কেরিয়ারের শেষ পর্যায়ে রয়েছেন। তাই ২০২৭ সালের বিশ্বকাপই হতে পারে তাঁদের শেষ বড় টুর্নামেন্ট। সেই মঞ্চে ট্রফি জিতে কেরিয়ার শেষ করার স্বপ্ন দেখছেন দুই তারকাই।