আজকাল ওয়েবডেস্ক: আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির আন্তর্জাতিক কেরিয়ার নিয়ে নতুন করে জল্পনা তৈরি করে দিয়েছেন তাঁর দীর্ঘদিনের সতীর্থ লিয়ান্দ্রো পারেদেস। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর সংবাদমাধ্যমকে পারেদেস ইঙ্গিত দেন, জাতীয় দলের হয়ে ফাইনালটাই হয়তো মেসির শেষ ম্যাচ ছিল।

পিএসজি ও আর্জেন্টিনা জাতীয় দলে দীর্ঘদিন একসঙ্গে খেলা পারেদেস বলেন, পুরো বিশ্বকাপজুড়েই দল চায়নি মেসির বিদায়ের মুহূর্ত চলে আসুক। তাঁর ধারণা, মেসি আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন যে বিশ্বকাপের ফাইনালই হবে জাতীয় দলের জার্সিতে তাঁর শেষ ম্যাচ।

তবে নিজের মন্তব্যের গুরুত্ব উপলব্ধি করে পরে পারেদেস আশা প্রকাশ করেন, মেসি যেন সিদ্ধান্ত পরিবর্তন করেন। তিনি বলেন, মেসি যদি খেলা চালিয়ে যেতে চান, সেটিই হবে আর্জেন্টিনা দলের জন্য সবচেয়ে আনন্দের বিষয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণ মেসির ব্যক্তিগত।

এর আগে আর্জেন্টাইন সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়, মেসি এখনই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাচ্ছেন না। বরং কয়েক মাস জাতীয় দলের সঙ্গে যুক্ত থাকতে পারেন। 

এই সময়ের মধ্যে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ঘরের মাঠে সমর্থকদের সামনে তাঁকে সম্মান জানিয়ে একটি বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বলেও জানা যায়।

 বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের দুই খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে সমালোচনার মুখে পড়েন পারেদেস। ঘটনাটি তদন্ত করছে ফিফা। পাশাপাশি নিজের আন্তর্জাতিক কেরিয়ার নিয়েও এখনও কোনও সিদ্ধান্ত নেননি ৩২ বছর বয়সী এই মিডফিল্ডার। পারেদেস বলেন, জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়া বা না-যাওয়ার বিষয়টি সহজ সিদ্ধান্ত নয় এবং এ নিয়ে ভেবে-চিন্তেই সিদ্ধান্ত নিতে হবে।