আজকাল ওয়েবডেস্ক: চোট সমস্যায় ভুগছেন রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপে। এই মুহূর্তে লা লিগায় দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। মাদ্রিদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে শীর্ষে বার্সিলোনা। এই পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। কিন্তু তার চেয়েও রিয়ালের বড় চিন্তা এমবাপের চোট।
এক রিপোর্টে জানা গিয়েছে, রিয়াল মাদ্রিদের মেডিক্যাল স্টাফ একটা বিরাট বড় ভুল করে বসেছে। ভুল হাঁটুর স্ক্যান করে ফেলেছে। আর সেটা হয়েছিল ২০২৫ সালের ডিসেম্বরে।
রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে গিয়ে বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন এমবাপে। কিন্তু রিয়াল মাদ্রিদের চিকিৎসকরা তাঁর ডান হাঁটুর এমআরআই স্ক্যান করান। এতেই সমস্যা বাড়ে। চোট নিয়েই খেলে যান এমবাপে। ফলে চোট আরও বাড়ে।
প্রসঙ্গত, গত ৭ ডিসেম্বর লা লিগার ম্যাচে চোট পান এমবাপে। কিন্তু তাঁর ভুল হাঁটুতে পরীক্ষা করা হয়েছিল। সেকারণেই পরীক্ষায় কোনও চোট ধরা পড়েনি। এরপর আরও তিনটি ম্যাচ খেলেন এমবাপে। আর তাতেই বিপত্তি বাড়ে। ১০ ডিসেম্বর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রিয়ালের বেঞ্চে বসে থাকলেও বছরের শেষ তিনটি ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছিলেন এমবাপে। এরপর ৩০ ডিসেম্বর অনুশীলনের সময় মেডিক্যাল দলের কাছে গিয়ে এমবাপে জানান, তাঁর বাঁ হাঁটুতে যন্ত্রণা হচ্ছে। এরপরেই তাঁর বাঁ হাঁটু পরীক্ষা করে দেখা হয়। তাতে দেখা যায়, লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। যদিও আগের ভুল চিকিৎসার জন্য কারও বিরুদ্ধে পদক্ষেপ করেনি রিয়াল।
এই অবস্থায় আর ক্লাবের চিকিৎসার উপরে ভরসা করতে পারেননি এমবাপে। দেশে চলে যান। সেখানে চিকিৎসা করান। সুস্থ হওয়ার প্রক্রিয়া শুরু করেন। ফেব্রুয়ারি মাসে আবার মাঠে ফিরে অনুশীলন শুরু করেন এমবাপে। যদিও ম্যাচ ফিট হতে সময় লেগেছে এমবাপের। গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে ২১ মিনিট খেলেছিলেন। আর রবিবার মাদ্রিদ ডার্বিতে মাঠে ছিলেন ২৬ মিনিট। স্বস্তির হল, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এমবাপে।
এই মুহূর্তে আন্তর্জাতিক বিরতি রয়েছে। দেশের হয়ে ২৬ মার্চ ব্রাজিল ও ২৯ মার্চ কলম্বিয়ার বিরুদ্ধে আমেরিকায় দুটি প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স। দেশের হয়ে এই দুই ম্যাচে এমবাপে কতক্ষণ মাঠে থাকে সেটাই এখন দেখার। জুনে বিশ্বকাপের আগে পুরো সুস্থ হয়ে ওঠাই লক্ষ্য এমবাপের।
