আজকাল ওয়েবডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব ছাড়ুন হার্দিক পাণ্ডিয়া। তার পরিবর্তে সূর্যকুমার যাদবের হাতে তুলে দেওয়া হোক মুম্বইয়ের নেতৃত্বের আর্মব্যান্ড। 

সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ  জিতেছে। সেই কারণেই হয়তো সূর্যর হাতে নেতৃত্বের রিমোট কন্ট্রোল তুলে দেওয়ার কথা বলেছেন তিরাশির বিশ্বজয়ী দলের সদস্য। এই মুম্বই দলে একাধিক ক্যাপ্টেন রয়েছেন। একদিকে সূর্য, অন্যদিকে হার্দিক পাণ্ডিয়া। রয়েছেন অভিজ্ঞ ক্যাপ্টেন রোহিত শর্মা। 

শ্রীকান্ত তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, ''মজার পরিস্থিতি। দু-তিন সপ্তাহ আগে সূর্যকুমারের নেতৃত্বে ভারত বিশ্বচ্যাম্পিয়ন হয়। দু'বছর আগে রোহিত শর্মা অধিনায়ক হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন। ব্যক্তিগতভাবে আমি হার্দিক পাণ্ডিয়াকে পছন্দ করি। দুর্দান্ত ক্রিকেটার। মানুষ হিসেবেও ভাল। ভাল ক্যাপ্টেনও। গুজরাট টাইটান্সের হয়ে ট্রফি জিতেছে। তবে এটা মনে হয় ওদের ভিতরের ব্যাপার। তবে বাইরে থেকে সূর্যকুমার যাদবই অটোমেটিক চয়েস। ও জয়ের মধ্যে রয়েছে।'' 

শ্রীকান্ত আরও বলেন, ''ওরা নিজেদের মধ্যে আলোচনা করুক। দলের মালিক, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রোহিত শর্মা, সূর্যকুমার যাদব ও হার্দিকের সঙ্গে আলোচনার পরে বলবে, এই বছর সূর্য নেতৃত্ব দেবে।'' 

দেশের প্রাক্তন তারকা ওপেনার মনে করেন, সূর্যকে যে কোনও সময়েই ক্যাপ্টেন করা যায়। এখনই করতে হবে এমন কোনও ব্যাপার নয়। 

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত বিশ্বকাপে হার্দিক পাণ্ডিয়া খেলেন রোহিত শর্মার নেতৃত্বে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সিতে খেলেন হার্দিক। অথচ মুম্বই ইন্ডিয়ান্সে রোহিত ও সূর্য খেলেছেন হার্দিকের নেতৃত্বে। শ্রীকান্ত বলছেন, ''হার্দিক পাণ্ডিয়ার বলা উচিত আমি ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়াচ্ছি। সূর্য নেতৃত্ব দিক। ও টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের ক্যাপ্টেন। হার্দিক নিজে যদি বলে তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। আমার মনে হয় হার্দিক এ কথা বলবে।'' 

শ্রীকান্তের বক্তব্য অনুযায়ী হার্দিক নেতৃত্ব ছাড়েন কিনা সেটাই দেখার।