আজকাল ওয়েবডেস্ক: এন্ড টু এন্ড ফুটবল, হাউসফুল সল্টলেক স্টেডিয়াম। প্রথমবার কলকাতা ডার্বি দেখে আপ্লুত রাজ্যের নতুন ক্রীড়া মন্ত্রী নিশীথ প্রামাণিক। সঙ্গে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে এবং প্রোটেম স্পিকার তাপস রায় খেলা দেখেছেন। এদিন ডার্বি ড্র হলেও নিশীথ যে ম্যাচ এনজয় করেছেন সেটা তাঁর কথাতেই বোঝা গেল। মাঠ থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, 'একট রোমহর্ষক ম্যাচ।

দুই দলেরই দারুণ পারফরম্যান্স আমরা দেখেছি। খেলায় হার জিত থাকে। তবে দুই দলই আজকে যথেষ্ট ভাল খেলেছে।' কলকাতার সমর্থকদেরও প্রশংসা করলেন তিনি। বললেন, 'সমর্থকরা কেউ কারোর থেকে কম নয়। এটা শান্তিপূর্ণ ভাবে ম্যাচ হল, এটা কলকাতা বলেই সম্ভব। বাংলায় ফুটবলের জনপ্রিয়তা আরও বাড়বে। এই পরিবেশটা কলকাতা বলেই সম্ভব।

বিশ্বের অন্যান্য দেশের খেলোয়াড়রা যাঁরা এখানে এসে খেলে গেছেন তাঁরাও কলকাতার সমর্থকদের প্রশংসা করেছেন।' অন্যদিকে, হাইভোল্টেজ ম্যাচে পেনাল্টি নিয়ে অভিযোগ তুললেন বাগান সভাপতি দেবাশিস দত্ত। তাঁর বক্তব্য, 'আজকেও একটা হ্যান্ডবল ছিল। ওটাও পেনাল্টি দিল না। ওই পেনাল্টিটা প্রাপ্য ছিল বলে মনে হয়। আমরা ধরেই নিয়েছি আইএসএলে পেনাল্টি পাব না। গোয়েঙ্কা আমার পাশে বসেই খেলা দেখছিলেন। উনিও জিজ্ঞেস করলেন, এটা পেনাল্টি নয়? আমিও ওঁকে একই কথাই বললাম।'

এদিন কলকাতা ডার্বি ড্রয়ের পর আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে লাল হলুদ। ইস্টবেঙ্গলের গোল ডিফারেন্স অনেকটাই বেশি মোহনবাগানের তুলনায়। তবুও আশা ছাড়ছেন না বাগান শীর্ষকর্তা। বৃহস্পতিবার একই সময়ে স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে যুবভারতীতে নামবে মোহনবাগান এবং কিশোর ভারতীতে ইন্টার কাশীর বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল। দেবাশিস দত্ত জানালেন, 'যেভাবে এই ধরনের প্রেশারের ম্যাচ খেলা উচিত সেভাবেই খেলেছে মোহনবাগান। আমরা ওপেন অ্যাটাকে গেছি বলেই ওরা সুযোগ পেয়েছে। বিদেশি ডিফেন্ডার তুলে কোচ আক্রমণে জোর দিয়েছিলেন। গোল খেলেও কোচের সিদ্ধান্ত ঠিকই ছিল। ম্যাকার গোলটা হল না, দুর্ভাগ্য। আশা করব শেষ ম্যাচে ইন্টার কাশী পুরোদমে খেলবে।'