আজকাল ওয়েবডেস্ক:‌ ৪ মে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের ফলপ্রকাশ। আর তার জন্যই পিছিয়ে গেল কলকাতা ডার্বি। আইএসএলে মোহনবাগান–ইস্টবেঙ্গল ম্যাচ হওয়ার কথা ছিল ৩ মে। কিন্তু সেই ম্যাচ হবে আইএসএলের একেবারে শেষ দিনে অর্থাৎ ১৭ মে। আইএসএল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭ মে দুই দল মুখোমুখি হবে যুবভারতীতে। খেলার সময় অবশ্য পরিবর্তন করা হয়নি। খেলা শুরু হবে সন্ধে সাড়ে সাতটায়। তবে একইদিনে আবার কিশোর ভারতী স্টেডিয়ামে রয়েছে মহমেডান ও মুম্বই সিটি এফসির ম্যাচ। ওই ম্যাচ নিয়ে কোনও পরিবর্তনের খবর এখনও পর্যন্ত নেই। তবে মহমেডানের ম্যাচটিও সম্ভবত অন্য কোনও দিন খেলা হতে পারে।


এটা ঘটনা, আইএসএলের সূচি ঘোষণার সময় ভোটের দিন ঘোষণা হয়নি। তখন সূচি অনুযায়ী বলা ছিল ৩ মে হবে কলকাতা ডার্বি। কিন্তু ১৫ মার্চ নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করে। জানা যায়, ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে দু’‌দফায় হবে বিধানসভা ভোট। আর ৪ মে হবে ফলপ্রকাশ। তখনই জানা গিয়েছিল, ভোটের ফলপ্রকাশের আগের দিন ডার্বি আয়োজন করা সম্ভব নয়। আর সেটাই হল। 


প্রসঙ্গত, কিছুদিন আগেই মোহনবাগানের একটি ম্যাচ পিছিয়ে গিয়েছে নির্বাচনের কারণে। আগামী ২৬ এপ্রিল যুবভারতীতে হওয়ার কথা ছিল ইন্টার কাশী ম্যাচ। সেটি পিছিয়ে হবে ১২ মে। ২৯ এপ্রিল কলকাতায় ভোটের জন্য এই ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়েছে। তবে খেলাটি হবে যুবভারতীতে। 


প্রসঙ্গত, এবারের আইএসএল হচ্ছে একটি পর্যায়ে। পয়েন্টের ভিত্তিতে শীর্ষে থাকা দল চ্যাম্পিয়ন হবে। এই মুহূর্তে লিগের শীর্ষে রয়েছে মুম্বই সিটি। মোহনবাগান আছে দুইয়ে। আর ইস্টবেঙ্গল চারে। আর মোহন–ইস্ট যদি খেতাবের লড়াইয়ে শেষ পর্যন্ত থাকে তবে জমে যাবে কলকাতা ডার্বি।