আজকাল ওয়েবডেস্ক: এবারের আইপিএলে লোকেশ রাহুলকে দিল্লি ক্যাপিটালসের হয়ে ওপেন করতে দেখা যাবে। মেগা টুর্নামেন্ট শুরুর আগে দিল্লি ক্যাপিটালস প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছেন দিল্লি ক্যাপিটালস তাদের ব্যাটিংয়ের টপ অর্ডার নিয়ে ভাবনাচিন্তা করেছে। এবং লোকেশ রাহুলকে ওপেন করতে পাঠানো হবে।
গত মরশুমে দিল্লি সাতটা ওপেনিং কম্বিনেশন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিল। শুরুটা করেছিল ডু প্লেসিস ও জেক ফ্রেজারকে দিয়েছ কিন্তু অজি ক্রিকেটারের ফর্ম নিয়ে চিন্তিত দিল্লি ডু প্লেসিসের সঙ্গে লোকেশ রাহুলকে নিয়ে আসেন ওপেনিং স্লটে। এর পরে অভিষেক পোড়েল ও করুণ নায়ারকে দিয়ে ওপেন করানো হয়। পরে আবার অভিষেক পোড়েল ও ডেক ফ্রেজার ওপেন করেন। ডু প্লেসিস-অভিষেক, লোকেশ রাহুল-জেক ফ্রেজার ও ডু প্লেসিস-করুণ নায়ারকেও ওপেন করতে দেখা গিয়েছে।
আইপিএল ২০২৪ মরশুম শেষে লোকেশ রাহুলকে ছেড়ে দেয় লখনউ সুপার জায়ান্টস। রেকর্ড অর্থের বিনিময়ে লখনউ নেয় ঋষভ পন্থকে। অন্যদিকে দিল্লি রাহুলকে দলে নিয়ে শক্তি বাড়িয়ে নেয়। মিডল অর্ডার দিয়ে শুরু করেছিলেন রাহুল। তবে তাঁকে সামনের দিকে পাঠানো হয় ব্যাটিং অর্ডারে।
গতবারের আইপিএলে রাহুলের ব্যাট থেকে আসে ৫৩৯ রান। আইপিএল ২০২২ সালের পরে এটাই তাঁর সেরা পারফরম্যান্স। ২০২২ সালে রাহুল ৬০০ রান করেছিলেন।
রাহুলের পাওয়ার গেম দিল্লি ক্যাপিটালসকে ভাল জায়গায় নিয়ে যেতে পারে এবারের আইপিএলে। তবে তাঁর পার্টনার এখনও স্থির করেনি দিল্লি।
