আজকাল ওয়েবডেস্ক: অবশেষে দিল্লি ডেয়ারডেভিলস দলে যোগ দিলেন লোকেশ রাহুল। দিল্লি ক্যাপিটালসের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওয় দেখা যাচ্ছে, অরুণ জেটলি স্টেডিয়ামে ঢুকছেন লোকেশ রাহুল। পিচের সামনে গিয়ে কান্তারা ছবির দৃশ্যের ঢঙে নাচ করতেও দেখা গিয়েছে রাহুলকে। প্রসঙ্গত, গতবার আরসিবিকে হারানোর পর এই ঢঙে সেলিব্রেশন করতে দেখা গিয়েছিল রাহুলকে। ওই ম্যাচে ৫৩ বলে ৯৩ রান করেছিলেন রাহুল।
দল চ্যাম্পিয়ন না হলেও গতবার আইপিএল দারুণ গিয়েছিল রাহুলের। ১৩ ম্যাচে ৫৩৯ রান করেছিলেন তিনি। গড় ছিল ৫৩.৯০। স্ট্রাইক রেট ছিল প্রায় ১৫০। যার মধ্যে একটি শতরান ও তিনটি অর্ধশতরান ছিল। সেবার দিল্লির হয়ে সর্বোচ্চ রান ছিল রাহুলেরই। সেবার দিল্লির হয়ে সর্বোচ্চ ২১ ছয় মেরেছিলেন রাহুলই।
আইপিএলে এখনও অবধি ১৪৫ ম্যাচে রাহুল করেছেন ৫২২২ রান। ইনিংস ১৩৬টি। আইপিএলে এখনও অবধি রাহুলকে খেলতে দেখা গেছে সানরাইজার্স হায়দরাবাদ, আরসিবি, পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসে। এই রান এসেছে ৪৬.২১ গড়ে। স্ট্রাইক রেট ছিল ১৩৬.০২। যার মধ্যে রয়েছে পাঁচটি শতরান ও ৪০টি অর্ধশতরান। ২০২০ সালে আইপিএলে সর্বোচ্চ রানের মালিক ছিলেন রাহুল। তখন তিনি ছিলেন পাঞ্জাব কিংসে। সেবার ১৪ ইনিংসে ৬৭০ রান করেছিলেন তিনি। ছিল একটি শতরান ও পাঁচটি অর্ধশতরান।
চলতি আইপিএলেই ৬০০০ রানের মাইলস্টোন ছুঁতে পারেন রাহুল। আর তা করলে পারলে বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, ডেভিড ওয়ার্নারের পর রাহুল হবেন আইপিএলে ৬০০০ রান করা পঞ্চম ব্যাটার। এই মুহূর্তে আইপিএলে সর্বোচ্চ রানের নিরিখে সাত নম্বরে আছেন রাহুল।
প্রসঙ্গত, ১ এপ্রিল আইপিএল অভিযান শুরু করবে দিল্লি ক্যাপিটালস। প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস।
