আজকাল ওয়েবডেস্ক: ভারতের বিস্ময় বালককে দরাজ সার্টিফিকেট জস বাটলারের। ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটার জানান, বৈভব সূর্যবংশী তাঁর দেখা সর্বকালের সেরা প্লেয়ার। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে দুর্ধর্ষ পারফরম্যান্সের পর এমন মন্তব্য করেন বাটলার। ইংল্যান্ডের বিরুদ্ধে ৮০ বলে চোখধাঁধানো ১৭৫ রানের পর ১৪ বছরের উঠতি তারকাকে প্রশংসায় ভরিয়ে দেন। কোনও রাখঢাক না করেই তাঁকে বিরাট সার্টিফিকেট দেন। বাটলার বলেন, 'ও আমার দেখা সেরা প্লেয়ার। মাত্র ১৪ বছর বয়সে এরকম কে করতে পারে! যদি ১৪ বছরে এইভাবে খেলতে পারে, তাহলে ১৬, ১৮, ২০ বছরে কী করবে?'
একই ক্রিকেট পডকাস্টে অংশ নেন মার্ক উড। তিনি মনে করেন, বিরাট স্টেটমেন্ট দিয়ে ফেলেছেন বাটলার। উড বলেন, 'বিরাট সার্টিফিকেট দিয়েছো তুমি।' ভবিষ্যতের সুপারস্টার হতে পারবেন সূর্যবংশী? নাকি প্রত্যাশার চাপে হারিয়ে যাবেন? বৈভব প্রসঙ্গে আশার বাণী শোনান বাটলার। দাবি করেন, ইতিমধ্যেই বড় মঞ্চে জ্বলে উঠেছেন বৈভব। বাটলার বলেন, 'ভবিষ্যতের সুপারস্টার না হওয়ার কোনও কারণ নেই। এর আগেও ও বড় মঞ্চে খেলেছে। আইপিএলে শতরান করেছে। আইপিএলের প্রথম বলেই ছয় মারে।' অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আরও একবার রেকর্ডবুকে নাম তোলেন সূর্যবংশী। গড়েন এক ইনিংসে সর্বোচ্চ রানের নজির। বিধ্বংসী ইনিংসে ছিল ১৫টি চার এবং ১৫টি ছয়। স্ট্রাইক রেট ২১৮.৭৫। শুধুমাত্র বাউন্ডারিতেই ১৫০ রান ওঠে। ৪৩৯ রানে শেষ করেন বৈভব। স্বভাবতই টুর্নামেন্টের সেরা। তবে শুধুমাত্র ট্রফি নয়, মানুষের হৃদয়ও জয় করে নেন তিনি। পরবর্তী প্রজন্মের সুপারস্টার বলা হচ্ছে তাঁকে।
















