আজকাল ওয়েবডেস্ক: মহিলা বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ২০২৫–২৬ মরশুমের জন্য বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে পদোন্নতি হল জেমিমা রড্রিগেজের।

গ্রেড বি থেকে উন্নীত হয়ে তিনি এবার গ্রেড এ-তে জায়গা করে নিয়েছেন। গ্রেড এ-তে তাঁর সঙ্গে রয়েছেন ভারতের অভিজ্ঞ তারকা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা এবং দীপ্তি শর্মা।

উল্লেখ্য, মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে জেমিমার শুরুটা একেবারেই সহজ ছিল না। প্রথম দিকে পরপর দুই ম্যাচে শূন্য রানে আউট হয়ে প্রথম একাদশ থেকে বাদ পড়তে হয়েছিল তাঁকে।

তবে সেখান থেকে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন জেমিমা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অর্ধশতরান করেন তিনি। এরপর নবি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে খেলেন ঐতিহাসিক ইনিংস।

সেমিফাইনালে তাঁর ব্যাট থেকে আসে কেরিয়ারের প্রথম বিশ্বকাপ শতরান, যা ম্যাচ জেতানো ইনিংস হিসেবে প্রমাণিত হয়। এই পারফরম্যান্সের মধ্য দিয়ে বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার মানসিক দৃঢ়তাও দেখান তিনি।

এদিকে, গত মরশুমে কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়লেও এবার আবার কেন্দ্রী চুক্তিতে জায়গা করে নিয়েছেন হারলিন দেওল। পাশাপাশি প্রতিকা রাওয়াল, ক্রান্তি গৌড়, শ্রী চরনি, কাশভি গৌতম, জি কামালিনী, বৈষ্ণবী শর্মা এবং তেজল হাসাবনিস প্রথমবারের মতো বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন।

প্রতিকা, ক্রান্তি ও চরনিও ভারতের বিশ্বকাপ স্কোয়াডের সদস্য ছিলেন। টুর্নামেন্টে উল্লেখযোগ্য পারফরম্যান্স করে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। পুরুষদের ক্রিকেটে জল্পনা অনুযায়ী গ্রেড বি-তে নেমে গিয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা।

তবে উল্লেখযোগ্য বিষয়, এ প্লাস বিভাগ পুরোপুরি তুলে দেওয়া হয়েছে। গ্রেড এ-তে জায়গা করে নিয়েছেন অধিনায়ক শুভমান গিল। তাঁর সঙ্গে রয়েছেন বুমরাও।

তবে বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে নাম নেই মহম্মদ সামির। বর্তমানে তিনি কল্যাণীতে বাংলার হয়ে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল খেলছেন। সোমবার দলের হয়ে ব্যাট হাতে বিধ্বংসী অর্ধশতরান করেছেন।

চলতি মরশুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। তবে, বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে নাম না থাকায় অবাক হয়েছেন অনেকেই। ভারতীয় দলের দরজা সামির জন্য চিরতরে বন্ধ হয়ে গেল কিনা তা নিয়েও জল্পনা দেখা দিয়েছে।