আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপে খেলার আশা এখনও শেষ হয়ে যায়নি ইটালির। বৃহস্পতিবার আজুরিরা ২–০ গোলে হারিয়েছে নর্দার্ন আয়ারল্যান্ডকে। এখন যা অবস্থা তাতে আর একটা ম্যাচ জিতলেই ইতালি চলে যাবে ফিফা বিশ্বকাপের মূল পর্বে। আর তার জন্য বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার সঙ্গে ইটালিকে জিততেই হবে। তবেই ১২ বছর পর ফের বিশ্বকাপের মূলপর্বে দেখা যাবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
রাশিয়া ও কাতার বিশ্বকাপে ইটালি যোগ্যতাঅর্জন করতে পারেনি। কিন্তু এবার এখনও আশা আছে। ম্যাচে দুটি গোলই হয় সেকেন্ড হাফে। ৫৬ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন স্যান্দ্রো তোনালি। ৮০ মিনিটে দ্বিতীয় গোল মসি কিনের।
এই ম্যাচের আগে বিরাট চাপে ছিলেন ইতালি কোচ জেনারো গাতুসো। নর্দার্ন আয়ারল্যান্ডকে হারাতে না পারলে এবারও বিশ্বকাপ খেলা হত না আজুরিদের। আপাতত জেতায় সাময়িক স্বস্তি। ম্যাচে কিন্তু বেশ আক্রমণাত্মক খেলেছে আজুরিরা। দ্বিতীয়ার্ধে বক্সের বাইরে থেকে দুরন্ত শটে গোল করে দলকে এগিয়ে দেন তোনালি।
৩১ মার্চ বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিরুদ্ধে ম্যাচ রয়েছে ইটালির। ওই ম্যাচ জিতলেই বিশ্বকাপে যাওয়ার ছাড়পত্র মিলবে। অন্যদিকে বসনিয়া টাইব্রেকারে ৪–২ ব্যবধানে হারিয়েছে ওয়েলসকে।
এদিকে, বিশ্বকাপের মূলপর্বে যাওয়া হল না গ্যারেথ বেলের ওয়েলশ ও নর্দার্ন আয়ারল্যান্ডের। খেলা শেষে ইটালি কোচ গাতুসো বলেছেন, ‘ম্যাচটা জিততে আমাদের কঠোর পরিশ্রম করতে হয়েছে। বিশ্বকাপের মূলপর্বে যেতে হলে এই ম্যাচটা আমাদের জিততেই হত।’















