আজকাল ওয়েবডেস্ক: ট্রেন্ট ব্রিজে টি-২০ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে জঘন্য হারের পর কোনও রাখঢাক করেননি শ্রেয়স আইয়ার। এই পারফরম্যান্সকে এককথায় 'নৃশংস' বলে অ্যাখ্যা দেন। পাশাপাশি জানিয়ে দেন, এই জঘন্য হারের কোনও অজুহাত নেই। জানান, প্রত্যাশার ধারেকাছে যেতে পারেনি তাঁদের পারফরম্যান্স। শ্রেয়স বলেন, 'নৃশংস। সত্যি বলতে, এর থেকে ভাল শব্দ মাথায় আসছে না। এত বড় হার মেনে নেওয়া যায় না। তবে প্রথমেই বলি, আমাদের এই হার মেনে নিয়ে শুরুতে ফিরে গিয়ে দেখতে হবে কোথায় ভুল হল। উইকেট দেখে মনে হয়নি এটা ২০০ রানের। তবে আমরা খুবই খারাপ ব্যাট করেছি। পাওয়ার প্লেতে চার উইকেট হারাই। আমার মতে, সেটাই মোমেন্টাম নষ্ট করে দেয়। আমরা সেখানেই হেরে যাই। তাই আমাদের আবার ড্রয়িং বোর্ডে ফিরে যেতে হবে।'
ব্যাট এবং বল হাতে অলরাউন্ড পারফরম্যান্স ইংল্যান্ডের। টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন শ্রেয়স। মিডল অর্ডার রান না পেলেও ইংল্যান্ডের ইনিংসকে ধরে রাখেন ফিল সল্ট। ৪৪ বলে ৭০ রান করেন। ৪১ বলে অপরাজিত থাকেন স্যাম করন। ২০ ওভারের শেষে ৭ উইকেট হারিয়ে ২০১ রান তোলে ইংল্যান্ড। অভিষেক ম্যাচে জোড়া উইকেট নেন প্রিন্স যাদব। দুই উইকেট হর্ষিত রানারও। রান তাড়া করতে নেমে ধরাশায়ী ভারতের ব্যাটিং লাইন আপ। টপ এবং মিডল অর্ডারকে শেষ করে দেন জোফ্রা আর্চার এবং যশ টং। আগের টি-২০ তে অভিষেক করা বোলার নেন ৪ উইকেট। ৩ উইকেট তুলে নেন আর্চার। মাত্র ১১.৪ ওভারে ৭৬ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। রানের নিরিখে টি-২০ ক্রিকেটে সবচেয়ে বড় মার্জিনে হার। সংক্ষিপ্ত ফরম্যাটে ভারতের দ্বিতীয় সর্বনিম্ন রান।















