আজকাল ওয়েবডেস্ক: কথা চলছিল। অবশেষে পিছিয়ে গেল ইস্টবেঙ্গল- মহমেডান স্পোর্টিং ম্যাচ। শনিবার ঈদের দিন বিকেল পাঁচটায় যুবভারতী ক্রীড়াঙ্গনে হওয়ার কথা ছিল মিনি ডার্বি। কিন্তু সেদিন ঈদ। মুসলমানদের প্রধান পরব। তাই ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল মহমেডান স্পোর্টিংয়ের পক্ষ থেকে। সেটা মেনে নেয় আইএসএল কর্তৃপক্ষ। তাঁদের অনুরোধ অনুযায়ী, ম্যাচ দু'দিন পিছিয়ে দেওয়া হল। সোমবার সন্ধে সাড়ে সাতটায় হবে ইস্টবেঙ্গল-মহমেডান ম্যাচ। 

এবার আইএসএলের শুরুটা ইস্টবেঙ্গল ভাল করলেও, দু-তিন ম্যাচ যেতে না যেতেই আবার যে কে সেই। ছন্দপতন হয় অস্কার ব্রুজোর দলের। একের পর এক ড্র এবং হার। তাও আবার ঘরের মাঠে। প্রচণ্ড চটে সমর্থকরা। যুবভারতীতে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে শেষ ম্যাচ ড্র হওয়ায় পর স্টেডিয়ামের বাইরে বিক্ষোভ দেখায় সাপোর্টাররা। 'গো ব্যাক' স্লোগান শুনতে হয় অস্কার ব্রুজোকে। দলের খেলায় অসন্তোষ প্রকাশ করেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। জানান, দল জঘন্য খেলেছে। ঘুরিয়ে কোচের ওপরও ক্ষোভ প্রকাশ করেন। সমর্থকদের প্রত্যাবর্তনের আশ্বাস দেন। 

অস্কারকে নিয়ে খুশি নয় ইস্টবেঙ্গল কর্তারা। শোনা যাচ্ছে ইমামি কর্তারাও খুব একটা সন্তুষ্ট নয়। সোমবার ইস্টবেঙ্গলের অনুশীলন ছিল না। ফুটবলারদের ছুটি দিয়েছিলেন অস্কার। বাইপাসের ধারে ইমামির অফিসে দীর্ঘক্ষণ ধরে চলে বৈঠক। মিটিংয়ে ছিলেন অস্কারও। তাঁর সঙ্গে কথা বলেন ইমামি কর্তারা। কেরল ম্যাচের আগে ইস্টবেঙ্গল কর্তাদের দিকে অভিযোগের তীর ছোড়েন স্প্যানিশ কোচ। যা নিয়ে সরগরম হয় ময়দান। পরিস্থিতি যা তাতে বিদায়ঘণ্টা বেজে যেতে পারে ব্রুজোর। ইস্টবেঙ্গল-মহমেডান ম্যাচের রেজাল্টের ওপর অনেকটাই নির্ভর করবে অস্কারের ভাগ্য। তবে হয়ত আরও দুই একটা ম্যাচ অপেক্ষা করা হবে। মহমেডান ম্যাচের পর লম্বা বিরতি। ১১ এপ্রিল অ্যাওয়ে ম্যাচে চেন্নাইনের মুখোমুখি ইস্টবেঙ্গল।