আজকাল ওয়েবডেস্ক:‌ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো আশ্বস্ত করার পরেও ফের ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।


ফুটবলারদের নিরাপত্তা নিয়ে সম্পূর্ণ নিশ্চিত হতে না পারলে, আমেরিকায় দল না–ও পাঠাতে পারে ইরান। ইরানের ক্রীড়ামন্ত্রী আহমেদ দোনিয়ামালি জানিয়েছেন, নিরাপত্তা সংক্রান্ত এবং রাজনৈতিক সব কিছু খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।


এটা ঘটনা, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে আমেরিকা ও ইজরায়েল। পাল্টা প্রত্যাঘাত করে ইরানও। এরপর জল বহুদূর গড়িয়েছে। ইরানের হরমুজ প্রণালী বন্ধ করা, ফের খোলা, আবার বন্ধ করার মতো পরিস্থিতি হয়েছে। তখন থেকেই পশ্চিম এশিয়ার পরিস্থিতি উত্তপ্ত। আমেরিকা–ইরান সম্পর্কও তলানিতে ঠেকেছে। এই মুহূর্তে সংঘর্ষ বিরতি চললেও প্রথম দফার আলোচনা ভেস্তে গিয়েছে। উত্তেজনা রয়েছে হরমুজ প্রণালীতেও। এই পরিস্থিতিতে আমেরিকায় দল পাঠানো নিয়ে দ্বিধায় রয়েছে ইরান প্রশাসন।


দোনিয়ামালি বলেছেন, ‘‌আলোচনা চলছে বিভিন্ন পক্ষের সঙ্গে। ফুটবল দলের সঙ্গেও কথা বলছি। একটা কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন। ফুটবল দলকে প্রস্তুতি চালিয়ে যেতে বলা হয়েছে। শেষ মুহূর্তে দল পাঠানোর সিদ্ধান্ত হলেও যাতে সমস্যা না হয়। সব কিছুই নির্ভর করবে নিরাপত্তা এবং রাজনৈতিক পরিস্থিতির উপর। সব দিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’ তিনি এরপরই জুড়ে দিয়েছেন, ‘শেষ পর্যন্ত যদি বিশ্বকাপ খেলি, তাহলে ভালভাবেই খেলব। ফুটবল মাঠে নিজেদের শক্তির পরিচয় দেব। তার জন্য সব রকম প্রস্তুতি নিচ্ছে দল। এরপরেও আমাদের বিশ্বকাপে অংশগ্রহণ নির্ভর করছে সরকার এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের উপর।’


যদিও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘বিশ্বকাপে ইরানের জাতীয় দলকে স্বাগত। কিন্তু আমি মনে করি না, এই পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে ওদের এখানে আসা উচিত।’ তার জবাবে ইরানের ফুটবল দলের পক্ষে বলা হয়েছিল, ‘বিশ্বকাপ একটি ঐতিহাসিক এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা। এর নিয়ন্ত্রক সংস্থা ফিফা। কোনও ব্যক্তি বা দেশ নয়। ইরানের জাতীয় দল তার শক্তি এবং সাহসী ফুটবলারদের জন্য ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করেছে। কেউ ইচ্ছা হলেই ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দিতে পারে না। বাদ দিতে হলে এমন একটি দেশকে বাদ দেওয়া উচিত, যারা শুধু আয়োজক।’‌ 
এটা ঘটনা, বিশ্বকাপের সূচি অনুযায়ী, গ্রুপ পর্বের ম্যাচগুলি ইরানের খেলার কথা লস অ্যাঞ্জেলেস এবং সিয়াটলে।

‌‌