আজকাল ওয়েবডেস্ক: ফিফা বিশ্বকাপে অংশ নেবে না ইরান। তেহরানের ক্রীড়া মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে।
প্রসঙ্গত, আমেরিকা ও ইজরায়েল ক্রমাগত হামলা চালাচ্ছে ইরানের উপর। সেই হামলায় মারা গিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। এই পরিস্থিতিতে বিশ্বকাপ বয়কটের রাস্তায় হাঁটল ইরান। সে দেশের ক্রীড়া মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘আমেরিকার হামলায় আমাদের সর্বোচ্চ নেতা মারা গিয়েছেন। এই পরিস্থিতিতে কোনও অবস্থাতেই আমরা ফিফা বিশ্বকাপে অংশ নেব না।’ আরও বলা হয়েছে, ‘আমাদের দেশের শিশুরা এখন নিরাপদ নয়। এই পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নেওয়ার প্রশ্ন নেই। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে এখবর জানা গিয়েছে।
প্রসঙ্গত, ১১ জুন থেকে আমেরিকা, কানাডা ও মেক্সিকোয় বসবে ফিফা বিশ্বকাপের। এবারই বিশ্বকাপে অংশ নেবে ৪৮ দেশ। কিন্তু ইরান অংশ না নিলে সেই সংখ্যাটা দাঁড়াবে ৪৭ এ। এই পরিস্থিতিতে ফিফা কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।
এটা ঘটনা বিশ্বকাপে ‘জি’ গ্রুপে আছে ইরান। সেই গ্রুপের বাকি তিন দল হল বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ড। আর ইরানের গ্রুপ পর্বের সব খেলাই রয়েছে আমেরিকার দুই শহর লস অ্যাঞ্জেলেস ও সিয়াটেলে।
প্রসঙ্গত, আমেরিকা ও ইজরায়েলের এই হামলার জবাব ইরানও দিয়েছে। মধ্যপ্রাচ্যে এই সংঘাতের জের গোটা বিশ্বের উপরেই পড়েছে। আকাশসীমা বন্ধ বা সাময়িক বন্ধ থাকায় উড়ান পরিষেবা যেমন বিঘ্নিত হচ্ছে। তেমনি জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে। এই অবস্থায় ইরানের ক্রীড়া মন্ত্রকের তরফে ক্রীড়ামন্ত্রী জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব নয়। এখন দেখার ফিফা এই পরিস্থিতিতে কী সিদ্ধান্ত নেয়। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো বা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি।
