আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিল ইরান। কঠোর নিরাপত্তার মধ্যে মেক্সিকোর টিজুয়ানাতে প্র্যাকটিস করছে যুদ্ধবিধ্বস্ত দেশ। ট্রাম্প দাবি করেন, ইরান যুদ্ধ বন্ধ করার সিদ্ধান্ত হয়ে গিয়েছে। অন্যদিকে তেহরান দাবি করে, এখনও কোনও কিছুই চূড়ান্ত হয়নি। এস্তাদিও কালিয়েন্টেতে প্রস্তুতি সারছে ইরান। সেখানে নিয়মিত সশস্ত্রবাহিনী টহল দিচ্ছে। কমপ্লেক্সের আশেপাশে ঘুরছে পুলিশের খোলা জিপ। রাইফেল হাতে অফিসারদের দেখা যাচ্ছে। নিরাপত্তাজনিত সমস্যা ছাড়া, নির্বিঘ্নে অনুশীলন চালাচ্ছে ইরান।
স্থানীয় বাসিন্দারা ইরান দলকে মেক্সিকোয় স্বাগত জানায়। তাঁদের ট্রেনিং বেসের আশেপাশে ফারসি এবং স্প্যানিশে বার্তা দেওয়া হয়। ইরানিয়ান ফুটবলারদের দেখতে প্র্যাকটিসের বাইরে ভিড় জমায়। টিজুয়ানাতে ইরানের প্রস্তুতি নিয়ে অনেকেই উত্তেজিত। মেক্সিকোর অভিজ্ঞতা নিয়ে মুখ খোলেন অধিনায়ক আলিরেজা জাহানবাক্স। জানান, এর আগে যখন মেক্সিকোতে এসেছিলেন, সশস্ত্র ডাকাতরা তাঁদের ঘিরে ধরে। কিন্তু তাঁরা ইরানিয়ান জানার পর ছেড়ে দেয়। আলিরেজা বলেন, 'ওরা ইরানিয়ানদের ভালবাসে।'
খুব অল্প সময়ের মধ্যে সবকিছু হওয়ায়, প্রস্তুতির বিশেষ সময় পাবে না ইরান। ক্লাব টিজুয়ানার বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচ খেলে। তাঁদের অনূর্ধ্ব-২১ দলকে ৩-০ গোলে হারায়। গ্রেনাডার সঙ্গে প্রস্তাবিত ফ্রেন্ডলি বাতিল হয়ে যায়। ১৬ জুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। তারপর বেলজিয়ান এবং মিশরের বিরুদ্ধে ম্যাচ। দুটো ম্যাচই মার্কিন যুক্তরাষ্ট্রে হবে।















