আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে বড় সেটব্যাকের মুখে পড়েছে চেন্নাই সুপার কিংস। চোটের জন্য আইপিএল থেকে ছিটকে যান আয়ুশ মাত্রে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিং টিয়ার হয় প্রতিভাবান ব্যটারের। যার ফলে গোটা টুর্নামেন্টে থেকে ছিটকে যান। চলতি আইপিএলে দারুণ ছন্দে ছিলেন মাত্রে। ছয় ম্যাচে ২০১ রান করেন। টপ অর্ডারকে স্থায়িত্ব দেন। কিন্তু তাঁর চোটে বড় ধাক্কা খায় চেন্নাই। মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের আগে তিনি ছিটকে যাওয়ায়, সমস্যায় পড়েছে চেন্নাই। বৃহস্পতিবার বড় ম্যাচ। কিন্তু প্রশ্ন হল, তিন নম্বরে খেলবে কে? এখনও পর্যন্ত আয়ুশের পরিবর্ত ঘোষণা করেনি সিএসকে। মুম্বইয়ের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচের আগে ভাবনাচিন্তা চলছে শিবিরে। তিনজনের নাম ভাবা হয়েছে। তালিকায় আছেন উর্ভিল প্যাটেল, সরফরাজ খান এবং কার্তিক শর্মা।
উর্ভিল প্যাটেল - উর্ভিল প্রতিভাবান ক্রিকেটার। চেন্নাই সুপার কিংসের অঙ্গ। ৩০ লক্ষ টাকায় তাঁকে রেখে দেয় দক্ষিণের ফ্র্যাঞ্চাইজি। চলতি আইপিএলে এখনও সুযোগ পাননি। মাত্রের জায়গায় তাঁর খেলার সম্ভাবনা প্রবল। ২০২৫ সালের মাঝে বংশ বেদী চোট পাওয়ায় সুযোগ পান উর্ভিল। কেকেআরের বিরুদ্ধে অভিষেক ম্যাচেই নজর কাড়েন। ১১ বলে ৩১ রান করেন।
সরফরাজ খান - লাল বলের ক্রিকেট থেকে টি-২০ ক্রিকেটের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছেন সরফরাজ। ৬ ম্যাচে ১৪৭ রান করেন। গড় ২৯.৪০। আরসিবির বিরুদ্ধে ২৫ বলে অর্ধশতরান করেন। সাত বছরে আইপিএলে প্রথম অর্ধশতরান। বর্তমানে চার নম্বরে ব্যাট করছেন। ব্যাটিংয়ে গভীরতা বাড়াতে মাত্রের জায়গায় সরফরাজকে খেলানো হতে পারে।
কার্তিক শর্মা - কার্তিক শর্মাকেও সুযোগ দেওয়া হতে পারে। ৩০ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অভিষেক হয়। ১৫ বলে ১৮ রান করেন। প্রথম তিন ম্যাচে ২৫ রান করেন। স্ট্রাইক রেট ১১৯.০৫। ইমপ্যাক্ট সাব হিসেবে খেলেন। মাত্রের চোট তাঁর জন্য দরজা খুলে দিতে পারে। সরাসরি সুযোগ পেতে পারেন প্রথম একাদশে।















