আজকাল ওয়েবডেস্ক:‌ আইপিএল থেকে ছিটকে গেলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড হাসারাঙ্গাকে ‘‌নো অবজেকশন সার্টিফিকেট’‌ দেয়নি। ফলে এবার আর লখনউ সুপার জায়ান্টসের হয়ে আইপিএল খেলা হল না এই শ্রীলঙ্কান স্পিনারের।


চোট না সারায় ছিটকে যেতে হল ২ কোটি টাকার এই অলরাউন্ডারকে। হাসারাঙ্গার ব্যাটের হাতও বেশ ভাল। প্রসঙ্গত, টি–২০ বিশ্বকাপে চোট পেয়েছিলেন হাসারাঙ্গা। যা এখনও সারেনি। লখনউয়ের গ্লোবাল ডিরেক্টর টম মুডি বলেছেন, ‘‌ওয়ানিন্দু হাসারঙ্গা এবার আইপিএল খেলতে পারবে না। আগামী দু’‌দিনের মধ্যে হাসারাঙ্গার পরিবর্ত খেলোয়াড় বেছে নেওয়ার চেষ্টা করব।’ এটা ঘটনা, আইপিএলের গত নিলামের আগে হাসারাঙ্গাকে ছেড়ে দিয়েছিল রাজস্থান রয়্যালস। লখনউ তাঁর সঙ্গে ২ কোটি টাকায় চুক্তি করেছিল।


জানা গিয়েছে, হাসারাঙ্গা এখনও বল করার মতো পরিস্থিতিতে নেই। আর তাই খুব স্বাভাবিকভাবেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাঁকে আইপিএল খেলার অনুমতি দেয়নি। শ্রীলঙ্কার অলরাউন্ডার নিজেও বোর্ডের কাছে আইপিএল খেলার অনুমতি চাননি। চোট সম্পূর্ণ ঠিক হওয়ার পর হাসারাঙ্গাকে ফিটনেস পরীক্ষা দিতে হবে। তার পর প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার অনুমতি পাবেন তিনি।


এদিকে, শোনা যাচ্ছে, হাসারাঙ্গার পরিবর্ত হিসেবে লখনউ নিতে পারে দক্ষিণ আফ্রিকার জর্জ লিন্ডেকে। ৩৪ বছরের অলরাউন্ডার বাঁ হাতে স্পিন করেন। ২৫০টি টি–২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২১৮টি উইকেট রয়েছে লিন্ডের। গত টি–২০ বিশ্বকাপে এবং নিউজিল্যান্ড সফরে দক্ষিণ আফ্রিকা দলে ছিলেন তিনি। লিন্ডে ছাড়াও আরও কয়েকজন ক্রিকেটার লখনউয়ের বিবেচনায় রয়েছে। তবে এগিয়ে লিন্ডেই। 


প্রসঙ্গত, বৃহস্পতিবারই ইডেনে কলকাতাকে হারিয়েছে লখনউ। তারপরেই পন্থদের শিবিরে এল এই খারাপ খবর।