আজকাল ওয়েবডেস্ক: ইতিহাসের পাতায় ঋতুরাজ গায়কোয়ার। তবে এবার সম্পূর্ণ ভুল কারণে। চলতি আইপিএলে সবচেয়ে মন্থর অর্ধশতরান করে বসলেন। চিপকে গুজরাট টাইটানসের বিরুদ্ধে এই নজির গড়লেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। যা ভুলে যেতে চাইবেন তিনি। ৪৯ বলে অর্ধশতরান করেন। শুধুমাত্র চলতি আইপিএলে নয়, ২০২৩ থেকে ইমপ্যাক্ট সাব যুগ থেকে সবচেয়ে মন্থর অর্ধশতরান। এর আগে এই রেকর্ড ছিল ঋষভ পন্থ-এর। হায়দরাবাদে সানরাইজার্সের বিরুদ্ধে ৪৩ বলে অর্ধশতরান করেছিলেন। চেন্নাইয়ের হয়ে সবচেয়ে মন্থর অর্ধশতরানের তালিকায় প্রবেশ করলেন ঋতুরাজ। এই তালিকায় আছেন পার্থিব প্যাটেল, ম্যাথিউ হেডেন এবং মুরলী বিজয়। 

এদিন ৬০ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন ঋতুরাজ। তাঁর ব্যাটে ভর করে ৭ উইকেটে ১৫৮ রানে পৌঁছয় চেন্নাই। এদিন চিপকের উইকেট থেকে বাউন্স পায় পেসাররা। শুরুতে দাপট দেখায় গুজরাটের বোলাররা। মহম্মদ সিরাজ এবং কাগিসো রাবাডার দাপটে পাওয়ার প্লেতে মাত্র ২৮ রানে ৩ উইকেট হারায় চেন্নাই। শুরুতেই একাধিক উইকেট হারানোয় সতর্ক হয়ে যান ঋতুরাজ। কোনও ঝুঁকি নেয়নি। ডট বলের সংখ্যা বাড়তে থাকে। ১২ ওভারে ৫০ রানে পৌঁছয় চেন্নাই। শেষদিকে কিছুটা মোমেন্টাম ফিরে পান ঋতুরাজ। কয়েকটা চার এবং ছক্কা হাঁকান। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। ঘরের মাঠে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেনি চেন্নাই।