আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র এক সপ্তাহ বাকি। তারপরই রিটেনশন তালিকা জমা দিতে হবে ফ্রাঞ্চাইজিদের। সেই তালিকায় একাধিক চমক থাকবে। শোনা যাচ্ছে কেএল রাহুল, ঋষভ পন্থের মতো বড় নাম এবার মেগা নিলামে উঠবে। এবার সেই তালিকায় আরও একটা নাম যুক্ত হতে চলেছে। আসন্ন নিলামে নাম লেখাতে চলেছেন আইপিএল জয়ী অধিনায়ক। এমএস ধোনি, রোহিত শর্মা বা হার্দিক পাণ্ডিয়া নয়। তিনি শ্রেয়স‌ আইয়ার। অবাক হলেও এমন সম্ভাবনা দেখা দিয়েছে। শ্রেয়সের নেতৃত্বে গত বছর আইপিএল জিতেছে কেকেআর। কিন্তু তাঁকে রিটেন করার বিষয়ে এখনও নিশ্চিত নয় শাহরুখ খানের দল। শোনা যাচ্ছে, অন্য একটি ফ্রাঞ্চাইজি থেকে মেগা অফার পেয়েছেন শ্রেয়স। দোটানায় পড়ে গিয়েছেন নাইটদের নেতা। তাই আগামী আইপিএলে বেগুনী জার্সিতে নাও দেখা যেতে পারে শ্রেয়সকে। 

আইপিএলের দশ ফ্র্যাঞ্চাইজি‌ তাঁদের রিটেনশন তালিকা প্রায় চূড়ান্ত করার পথে। তালিকা জমা দেওয়ার শেষ দিন ৩১ অক্টোবর। নভেম্বরের শেষ সপ্তাহে মেগা নিলাম আয়োজনের চেষ্টা করছে বিসিসিআই। তবে এখনও চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা হয়নি। দুটো তারিখ এবং ভেন্যু সামনে এসেছে। একটি রিপোর্টে জানা গিয়েছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের মধ্যেই অনুষ্ঠিত হবে নিলাম। ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবের রিয়াদে হতে পারে নিলাম। অন্য একটি রিপোর্ট বলছে, ৩০ নভেম্বর দুবাইয়ে হতে পারে মেগা নিলাম। প্রথমে লন্ডন এবং সিঙ্গাপুরের কথাও ভাবা হয়েছিল। তবে বর্তমানে নিলাম আয়োজন করার দৌড়ে এগিয়ে রিয়াদ। ভেন্যু চূড়ান্ত করার পথে বোর্ড কর্তারা। তবে আইপিএলের মেগা নিলাম যেখানেই হোক না কেন, তাবড় তাবড় তারকার উপস্থিতিতে আরও আকর্ষণীয় হয়ে উঠবে। শেষপর্যন্ত কেএল রাহুল, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়াররা নিলামে উঠলে তো কোনও কথাই নেই।