আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি প্লেয়ার। এবার বেতন কমতে চলেছে ঋষভ পন্থের। ২০২৫ আইপিএলের আগে ২৭ কোটিতে ভারতীয় উইকেটকিপার ব্যাটারকে কেনে লখনউ সুপার জায়ান্টস। অনেক ঘটা করে তাঁকে নিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। কিন্তু ডাহা ব্যর্থ। দু'বছর লখনউতে থাকার পর এবার ফ্রাঞ্চাজি ছাড়তে চলেছেন পন্থ। তাঁর অধিনায়কত্বে ২০২৫ আইপিএলে সপ্তম স্থানে শেষ করে লখনউ। এবার পারফরমেন্স আরও খারাপ। এবারের আইপিএলে লাস্টবয় এলএসজি। একাধিক রিপোর্ট অনুযায়ী, আবার পুরোনো দলে ফিরছেন। শোনা যাচ্ছে, দিল্লি ক্যাপিটালসে যোগ দেবেন ঋষভ। আগে দিল্লির অধিনায়ক ছিলেন।
একটি সর্বভারতীয় ক্রিকেট ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, 'দিল্লি ক্যাপিটালস ইতিমধ্যেই লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে ট্রেড করা শুরু করেছে। তাতে আবার দিল্লিতে ফিরবে পন্থ। ২০২৫ আইপিএলে লখনউয়ে যোগ দেওয়ার আগে ন'বছর দিল্লিতে কাটান ঋষভ। কুলদীপ যাদবের বদলে পন্থকে ফেরাতে আগ্রহী দিল্লি। পন্থ এবং কুলদীপ, দু'জনের জন্যই বিষয়টা ঘরে ফেরার মতো। ঘরোয়া ক্রিকেটে দিল্লি এবং উত্তরপ্রদেশের জন্য খেলে দুই ক্রিকেটার।' চুক্তির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, অনেক কম অঙ্কে দিল্লিতে ফিরবেন পন্থ। ২৭ কোটিতে তাঁকে কোনওভাবেই নেবে না দিল্লি। এই টাকার ৫০ শতাংশের থেকে একটু বেশি নেবেন পন্থ।
রিপোর্টে বলা হয়েছে, 'শোনা যাচ্ছে পন্থের সংশোধিত বেতন ২৭ কোটির অর্ধেকের থেকে একটু বেশি হবে। কিপার ব্যাটার ১৫ কোটিতে রাজি হয়ে গিয়েছে। কুলদীপের টাকার অঙ্কে কোনও পরিবর্তন হবে না। লখনউ সুপার জায়ান্টসে ১৩.২৫ কোটি পাবে।' সূত্রের খবর অনুযায়ী, ব্যাটিং কোচ হিসেবে দিল্লিতে যোগ দেবেন যুবরাজ সিং। শুভমন গিল এবং অভিষেক শর্মার ব্যক্তিগত মেন্টর হিসেবে কাজ করেছেন প্রাক্তন তারকা। এমনকী ফর্মে না থাকায় ২০২৬ আইপিএলের আগে যুবির দ্বারস্থ হন পন্থও। উইকেটকিপার ব্যাটারের দিল্লিতে ফিরে যাওয়ার একটি কারণ হয়ত এটাও।















