আজকাল ওয়েবডেস্ক: আইপিএল শেষ হলেই আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ খেলবে ভারত। লাল বলের ক্রিকেটে সুযোগ পেতে পারে একাধিক নতুন মুখ। দেবদত্ত পাডিক্কাল, ধ্রুব জুরেল, ঋতুরাজ গায়কোয়ারদের নাম ভাবা হতে পারে। টিম ম্যানেজমেন্ট মনে করছে, ধ্রুবকে ব্যাটার হিসেবে ব্যবহার করা যেতে পারে। তিন নম্বরে সাই সুদর্শনের জায়গা নেওয়া হতে পারে দেবদত্ত পাডিক্কালকে। টার্নিং উইকেটে কাজে লাগানো যেতে পারে ঋতুরাজকে। সেই কারণেই চেন্নাই সুপার কিংসের অধিনায়কের নাম ভাবা হচ্ছে। চলতি আইপিএলে ভাল ফর্মে আছে দেবদত্ত। অন্যদিকে রাজস্থান রয়্যালসে তিন নম্বর জায়গা পাকা করে ফেলেছেন ধ্রুব। 

২০২৭ সালে একদিনের ক্রিকেটের বিশ্বকাপ। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। সেইভাবেই যশপ্রীত বুমরাকে ব্যবহার করা হবে। বিশ্ব চ্যাম্পিয়নশিপের সাইকেলে আরও ন'টি টেস্ট বাকি আছে। সবকটি টেস্টে বুমরাকে খেলানোর কথা ভাবা হচ্ছে। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট সামলাতে একদিনের আন্তর্জাতিকে বিশ্রাম দেওয়া হতে পারে। বিসিসিআইয়ের এক সূত্র বলেন, 'বাকি টেস্টগুলো খেলার জন্য আমরা বুমরাকে ফিট রাখতে চাই। শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডে চারটে টেস্টে খেলবে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টে তাঁকে তরতাজা রাখা লক্ষ্য। তাই নির্বাচকরা ওকে কয়েকটা একদিনের সিরিজে বিশ্রাম দেওয়ার কথা ভাবতে পারে। দু'বছর পর গত সেপ্টেম্বরে এশিয়া কাপ দিয়ে টি-২০ ক্রিকেটে ফেরে বুমরা। ফিরেই সাফল্য পায়।'

বিসিসিআই বুমরাকে সব টেস্টে চায়। আগস্টে দুই টেস্টের সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে ভারত। এরপর অক্টোবর এবং ডিসেম্বরের মধ্যে নিউজিল্যান্ডের সঙ্গে আরও তিনটে টেস্ট খেলবে। ২০২৭ জানুয়ারি-ফেব্রুয়ারিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়নশিপের টেবিলে ছয় নম্বরে রয়েছে ভারত। নয় ম্যাচের মধ্যে চারটে হেরেছে, চারটে জিতেছে ভারতীয় দল।