আজকাল ওয়েবডেস্ক:‌ গত দু’‌বারের মতো এবারও আইপিএল নিলামের আসর বসছে বিদেশে। এই নিয়ে টানা তিনবার নিলাম হতে চলেছে বিদেশে। জানা গেছে, ১৬ ডিসেম্বর মিনি নিলাম হবে আবুধাবিতে। 


২০২৪ সালে আইপিএল নিলামের আসর বসেছিল দুবাইয়ে। সেই প্রথম। এরপর ২০২৫ আইপিএলের আগে দু’‌দিনের মেগা নিলাম হয়েছিল জেড্ডায়। সেটা ২০২৪ সালের নভেম্বরে। এবার নিলামের আসর বসবে আবুধাবিতে। 


একঝাঁক ভারতীয় ও বিদেশি ক্রিকেটারের ভবিষ্যৎ নির্ধারিত হবে। অন্যান্য মিনি নিলামের মতো এবারও একদিনেই শেষ হবে নিলাম প্রক্রিয়া। এদিকে, বোর্ড সূত্রে খবর, ১৫ নভেম্বর বেলা ৩টের মধ্যে সব ফ্র্যাঞ্জাইজিকে রিটেনশন তালিকা জমা দিতে হবে। তারপর রিলিজ হওয়া এবং নতুন নাম লেখানো ক্রিকেটারদের নিয়ে একটি বড় তালিকা তৈরি হবে মিনি নিলামের জন্য। সেই তালিকার মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলিকে বলা হবে তাঁদের আগ্রহের তালিকা জমা দিতে। ফ্র্যাঞ্চাইজিগুলি যেসব ক্রিকেটারকে নিয়ে আগ্রহ দেখাবে, তাঁদের নিয়ে তৈরি হবে নিলামের চূড়ান্ত ক্রিকেটারদের তালিকা। সেই তালিকা থেকেই ১৬ ডিসেম্বর ক্রিকেটার কিনতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি।


কিন্তু কেন ফের আইপিএলের নিলাম বিদেশে? আসলে যে সময় নিলাম হবে সেসময় ভারতে বিভিন্ন অনুষ্ঠান এবং বিয়ের মরশুম হওয়ায় হোটেল বুকিং সংক্রান্ত সমস্যা হয়। মূলত এই বিষয়টি মাথায় রেখেই গত দু’বছর বিদেশে নিলামের আয়োজন করা হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে যাতায়াত করাটাও সুবিধাজনক। তাছাড়া মধ্যপ্রাচ্যে ক্রিকেট ছড়ানোটাও বিসিসিআইয়ের উদ্দেশ্য।