আজকাল ওয়েবডেস্ক: চেন্নাই সুপার কিংসের কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি চিপকে স্টেডিয়ামে উপস্থিত হলেও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলেননি।
সেই ম্যাচে চেন্নাই সুপার কিংস পাঁচ উইকেটে পরাজিত হওয়ার পর ধোনি ড্রেসিং রুম থেকে বেরিয়ে মাঠ প্রদক্ষিণ করেন এবং স্টেডিয়ামে থাকা সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন।
এরপর তিনি দলের প্রাক্তন সতীর্থ সুরেশ রায়নার সঙ্গে দেখাও করেন। রায়না পরে জানান, মাঠে ধোনির সঙ্গে তাঁর কথোপকথন ঠিক কী হয়েছিল। সম্প্রচারকারী চ্যানেলে রায়না বলেন, তিনি ধোনিকে অনুরোধ করেছেন যেন পরের বছরের আইপিএলে অবশ্যই সিএসকে-র হয়ে মাঠে নামেন।
রায়না বলেন, ''আমি ওকে বলেছিলাম, তুমি আইপিএল ২০২৬-কে একটা মিসড কল দিয়েছো, এটা কাউন্ট হবে না। তোমাকে আগামী বছর ফিরতে হবে।'' জবাবে ধোনি নাকি বলেন, ''আমার শরীর একটু দুর্বল লাগছে।'' এর জবাবে রায়না তাঁকে বলেন, ''আমরা এটা মানছি না, তোমাকে খেলতেই হবে।''
রায়না আরও জানান, এটি সম্পূর্ণ ধোনির ব্যক্তিগত সিদ্ধান্ত, তবে তিনি মনে করেন ধোনি ইতিবাচক রয়েছেন।
উল্লেখ্য, চলতি মরশুমে ফিটনেস সমস্যার কারণে ধোনি এখনও পর্যন্ত একটিও ম্যাচ খেলেননি।
চেন্নাই সুপার কিংসের আইপিএল ২০২৬ অভিযান কার্যত শেষের পথে।
প্লে-অফের আশা প্রায় শেষ হয়ে যাওয়ার পর এখন সবচেয়ে বড় প্রশ্ন, আগামী মরশুমেও কি হলুদ জার্সিতে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকেকে?
এ বিষয়ে প্রশ্ন করা হলে সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং স্পষ্ট কোনও উত্তর দেননি। বরং তিনি জানান, ধোনির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্টই।
ফ্লেমিং বলেন, ''এই সিদ্ধান্ত পুরোপুরি ম্যানেজমেন্টের। ধোনিকে নিয়ে অনেক আলোচনা চলছে, সেটা আমি জানি। যদিও ও খেলেনি, তবুও পুরো মরশুমে দলের সঙ্গে থেকেছে এবং তরুণ ক্রিকেটারদের জন্য ওর উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ড্রেসিংরুমে ওর প্রভাব এখনও বিশাল।''
তিনি আরও বলেন, ''আমরা কয়েকজন নতুন ক্রিকেটারকে সুযোগ দিয়েছি, যারা ভবিষ্যতে সিএসকের গুরুত্বপূর্ণ মুখ হতে পারে। তবে শেষ পর্যন্ত ফলাফল দিয়েই বিচার হবে, সেটাই স্বাভাবিক।''
পুরো মরশুম জুড়েই ধোনির খেলা নিয়ে রহস্য বজায় ছিল। সিএসকে ম্যানেজমেন্ট বারবার জানিয়েছে, তিনি চোটগ্রস্ত। যদিও অন্য একটি মতও সামনে এসেছে, ইচ্ছাকৃতভাবেই নাকি নিজেকে মাঠের বাইরে রেখেছেন ধোনি, যাতে তরুণরা বেশি সুযোগ পায়।














