আজকাল ওয়েবডেস্ক: ভারত জুড়ে এখন ক্রিকেট উন্মাদনা তুঙ্গে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ঘিরে উত্তেজনায় মেতে উঠেছে গোটা দেশ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চলছে বিশ্বসেরার লড়াই। আর এই আবহের মধ্যেই বড় ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

জানা গিয়েছে, আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যদিও এখনও পর্যন্ত প্রতিযোগিতার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়নি। প্রথমে ২৬ মার্চ আইপিএল শুরু হওয়ার কথা থাকলেও পরে তা পিছিয়ে দেওয়া হয়েছে।

এখনও নিশ্চিত নয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম ম্যাচ তাদের ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে কি না। তবে সম্ভাবনা রয়েছে যে, এবারের আইপিএলের ফাইনাল আয়োজন করা হতে পারে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। সেই সঙ্গে প্লে-অফের একটি ম্যাচও সেখানে হওয়ার সম্ভাবনা রয়েছে। বেঙ্গালুরুতে পাঁচটা হোম ম্যাচ খেলবে আরসিবি। 

এই প্রতিবেদন লেখার সময়ে  আহমেদাবাদে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। তার প্রায় ২০ দিন পরই শুরু হবে আইপিএলের নতুন মরশুম। জানা গিয়েছে, এবারের আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হতে পারে ৩১ মে।

তবে এখনও সূচি ঘোষণা না হওয়ার পিছনে অন্য একটি কারণও থাকতে পারে। মার্চ থেকে মে মাসের মধ্যে দেশের পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। যদিও এখনও সেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। নির্বাচন ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলিকে মাথায় রেখেই সম্ভবত আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করতে সময় নিচ্ছে বিসিসিআই।

ক্রিকেটপ্রেমীরা এখন অপেক্ষা করছেন শুধু আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণার। কারণ বিশ্বকাপের উত্তেজনা কাটতে না কাটতেই শুরু হতে চলেছে ক্রিকেটের আর এক মহোৎসব।