আজকাল ওয়েবডেস্ক: ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৯তম সংস্করণ। দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষের পরই ২২ গজের কোটিপতি লিগ নিয়ে বড় আপডেট দিলেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া।
জানা গিয়েছে, আগামী ১২ মার্চের মধ্যে আইপিএলের সূচি ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা। তবে একসঙ্গে গোটা টুর্নামেন্টের সূচি প্রকাশ করা হবে।
প্রথম ধাপে শুধুমাত্র টুর্নামেন্টের প্রথম ২০ দিনের সূচি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া। মঙ্গলবার তিনি সংবাদসংস্থা আইএএনএসকে বলেন, ‘আমরা ১২ মার্চের মধ্যে আইপিএলের সূচি ঘোষণা করার পরিকল্পনা করেছি। আপাতত প্রথম ২০ দিনের সূচিই প্রকাশ করা হবে।’
আইপিএল শুরু হচ্ছে ২৮ মার্চ, চলবে আগামী ৩১ মে পর্যন্ত। এর আগে প্রাথমিকভাবে টুর্নামেন্টের সময়সূচি ধরা হয়েছিল ২৬ মার্চ থেকে ৩০ মে।
বোর্ড সূত্রে খবর, পশ্চিমবঙ্গ, আসাম এবং তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের সম্ভাব্য সময়সূচির সঙ্গে সংঘর্ষ এড়াতেই বিসিসিআই আপাতত পুরো সূচি একসঙ্গে ঘোষণা করা হচ্ছে না।
ভোটের নির্ঘণ্ট ঘোষণা হলে টুর্নামেন্টের বাকি অংশের সূচি প্রকাশ করা হতে পারে বলে খবর বিসিসিআই সূত্রে। তবে আইপিএলের সূচি এখনও পর্যন্ত ঘোষণা না হলেও ইতিমধ্যেই পুরোদমে নতুন মরশুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি।
পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস গত ১ মার্চ থেকে নাভালুরে তাদের হাই-পারফরম্যান্স সেন্টারে অনুশীলন শুরু করেছে। সেখানে উপস্থিত ছিলেন দলের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় এবং মহেন্দ্র সিং ধোনি।
গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১০ ফেব্রুয়ারি নভি মুম্বইয়ের ডি-ওয়াই পাটিল স্টেডিয়ামে একটি ছোট প্রস্তুতি শিবির করেছিল। ২০২২ সালের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স রাজস্থানের নাথদ্বারায় মিরাজ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুটি প্র্যাকটিস সেশন করেছে।
অন্যদিকে, পাঞ্জাব কিংস ফেব্রুয়ারির শুরুতে আবুধাবিতে অনুশীলন করে। ২০১৬ সালের আইপিএলের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদও গত ১ মার্চ থেকে তাদের দেশীয় ব্রিগেড নিয়ে প্রস্তুতি শুরু করেছে।
পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সও ইতিমধ্যেই নতুন মরশুমের জন্য অনুশীলন শুরু করেছে। ২০০৮ সালের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস আগামী ১৫ মার্চ থেকে জয়পুরে তাদের প্রস্তুতি শিবির শুরু করবে বলে জানা গিয়েছে।
তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের ১৮ মার্চ থেকে প্রি-সিজন ক্যাম্প শুরু করার কথা। এছাড়া, দিল্লি ক্যাপিটালস সম্প্রতি হায়দরাবাদে একটি প্রস্তুতি শিবির করেছে।
নয়াদিল্লিতেও তারা প্রস্তুতি শিবির করবে বলে জানা গিয়েছে। লখনউ সুপার জায়ান্টসও লখনউয়ে প্রস্তুতি শিবির করেছে বলে জানা গিয়েছে।
