আজকাল ওয়েবডেস্ক: আগে বলেছিলেন তিরাশির বিশ্বজয়ী দলের সদস্য কৃষ্ণমাচারি শ্রীকান্ত। 

এবার ধ্বনি তুললেন জাতীয় দলের প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। 

মুম্বই ইন্ডিয়ান্সের উচিত হার্দিক পাণ্ডিয়াকে সরিয়ে সূর্যকুমার যাদবকে নেতা করা। 

সূর্যর নেতৃত্ব ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। তাঁর নেতৃত্বেই হার্দিক পাণ্ডিয়া জাতীয় দলে খেলেছেন। সেই সূর্যকে এখনও মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক ঘোষণা করল না। এটাই চিন্তার দিক বলে মনে করেন রবিচন্দ্রন অশ্বিন। 

রবিচন্দ্রন অশ্বিন তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, ''মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন করা হোক সূর্যকুমার যাদবকে। এটা নিয়ে বুদ্ধি খরচ করার কোনও প্রয়োজনই নেই। সূর্যকেই ক্যাপ্টেন করা উচিত। কিন্তু ঘটনা হল, সেটা আর হচ্ছে না। আমি নিশ্চিত এটা চিন্তার বিষয়।'' 

সূর্যকে ক্যাপ্টেন করার দাবি তোলার সঙ্গে সঙ্গে হার্দিকের নেতৃত্বের গুণ নিয়ে প্রশংসা করেন অশ্বিন। তিনি বলছেন, ''হার্দিক পাণ্ডিয়া গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসেবে খেতাব জিতেছে প্রথম মরশুমেই। দ্বিতীয় মরশুমে গুজরাট রানার্স আপ হয়েছে। মুম্বইয়ে আসার পরে প্রত্যাশা ছিল সূর্যই ক্যাপ্টেন হবে। সেই ট্রেন্ড অনুযায়ী ক্যাপ্টেন করা হয় সূর্যকে। প্রথম বছর সূর্যর সঙ্গে রোহিতের সম্পর্ক নিয়ে চর্চা হয়েছে।'' 

হার্দিকের মধ্যে নেতৃত্বের গুণাবলী রয়েছে বলে ব্যাখ্যা করেছেন অশ্বিন। ২০২৪ সালে রোহিত শর্মার হাত থেকে নেতৃত্বের আর্মব্যান্ড হার্দিক পাণ্ডিয়ার হাতে যায়। তাঁকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে। কিন্তু এবার অশ্বিন মনে করছেন, হার্দিক পাণ্ডিয়া দলকে ঠিক জায়গায় পরিচালিত করবেন। ভারতের প্রাক্তন স্পিনার বলছেন, ''বাইরের ঘটনা সরিয়ে রেখে, চাপ না নিয়ে এবং প্লেয়ার ও ম্যানেজমেন্টের সাপোর্ট নিয়ে হার্দিক ভাল করতেই পারে। সেই দক্ষতা ও ক্ষমতা ওর আছে।'' 

আইপিএল এখনও শুরুই হল না। তার আগেই মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে গেল। হার্দিকের থেকে ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড তুলে নিয়ে তা পরিয়ে দেওয়া উচিত সূর্যকুমারের হাতে। 

টুর্নামেন্ট শুরু হলে হার্দিক ও সূর্যকে নিয়ে চর্চা যে আরও চলবে, তা বলাই বাহুল্য। ২০২৪ সালে তাঁর ও রোহিতের সম্পর্ক নিয়ে যেমন উত্তাল হয়েছিল গোটা দেশ, এবারও সূর্য ও হার্দিককে নিয়ে সংবাদপত্রে কালি খরচ হলেও অবাক হওয়ার কিছু নেই।