আজকাল ওয়েবডেস্ক: আইপিএল শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই। এর মধ্যেই খবর জশপ্রীত বুমরাহ মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ না দিয়ে বিসিসিআই-এর সেন্টার অফ এক্সেলেন্সে গিয়েছেন। তবে চোটের জন্য বুম বুম বুমরাহ সেন্টার অফ এক্সলেন্সে যোগ দিয়েছেন কিনা তা জানা যায়নি। 

গত সপ্তাহে মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়বর্ধনে জানিয়েছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী মুম্বই ইন্ডিয়ান্সের চার জন ভারতীয় ক্রিকেটার বর্ধিত বিরতিতে রয়েছেন। 

শ্রীলঙ্কান প্রাক্তন ক্রিকেটার মাহেলা জয়বর্ধনে বলেছেন, ''প্রতি বছরই আমাদের উদ্দেশ্য থাকে আইপিএল খেতাব ঘরে তোলা। এটা দীর্ঘ মরশুম। আমরা যে ভাবে প্রি সিজন শুরু করি, ঠিক সেই ভাবেই শুরু হয়েছে। আমাদের দলে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা যারা রয়েছে, তাদের একটু বেশিই ছুটি দিয়েছি।'' 

২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ রয়েছে আইপিএলে। 

জশপ্রীত বুমরাহ মুম্বই দলের সম্পদ। বিশ্বকাপ ফাইনালে  বল হাতে তিনি পার্থক্য গড়ে দিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে জশপ্রীত বুমরাহর স্পেল ভারতকে পৌঁছে দিয়েছে ফাইনালে। এবারের আইপিএলে বুমরাহকে নিয়ে স্বপ্ন দেখছে মুম্বই ইন্ডিয়ান্স।