আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার মইন আলি জানিয়েছেন, পর্যাপ্ত ম্যাচ ও ব্যাটিংয়ের সুযোগ না পাওয়ার কারণেই তিনি আইপিএলের নিলামে নাম নথিভুক্ত করাননি।
৩৮ বছর বয়সে এসে তিনি এখন কেরিয়ারের শেষভাগটা উপভোগ করতে চান এবং নিয়মিত খেলতে চান। সেই কারণেই তিনি পাকিস্তান সুপার লিগকে বেশি উপযোগী মনে করছেন।
একটি পডকাস্টে মইন আলি বলেন,
''কিছু নির্দিষ্ট কারণ আছে। আমার এখন ৩৮ বছর, কিন্তু আমি এখনও খেলতে চাই, ভাল করতে চাই এবং যতদিন সম্ভব কেরিয়ার দীর্ঘ করতে চাই। করাচিতে আসাটাও এই কারণেই। পিএসএল তুলনামূলক ছোট একটি টুর্নামেন্ট, যা আমার এবং আমার পরিবারের জন্য বেশি সুবিধাজনক।''
গত মরশুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খুব বেশি সুযোগ পাননি তিনি। ছ'টি ম্যাচ খেললেও ব্যাট করার সুযোগ পেয়েছিলেন মাত্র দু'বার, যেখানে ১৪ বলে করেন মাত্র ৫ রান। তবে বল হাতে তিনি কার্যকর ছিলেন। তাঁর সংগ্রহে ছিল ৬টি উইকেট।
এ প্রসঙ্গে মইন আলি বলেন,
''গত বছর আইপিএলে আমি অর্ধেক ম্যাচই খেলেছি এবং ব্যাট করার সুযোগ খুব কম পেয়েছি। মাত্র দু'বার ব্যাট করেছি। এই পর্যায়ে এসে আমি নিয়মিত খেলতে চাই, ব্যাট করতে চাই। আমার মনে হয়, কেরিয়ারের শেষ দিকে এসে আমি ভাল ক্রিকেট খেলছি, আর সেটাই চালিয়ে যেতে চাই।''
তবে আইপিএলে মইনের অবদান একেবারেই কম নয়। তিনি দু’বার খেতাবজয়ী দলের সদস্য ছিলেন। কেরিয়ার শুরু করেন আরসিবি-র হয়ে। দু'মরশুম খেলেন বেঙ্গালুরুতে। ২০২০ সালে চেন্নাই সুপার কিংসে যোগ দিয়ে টানা পাঁচ মরশুম খেলেন। মোট ৭৩টি আইপিএল ম্যাচে তিনি ২২.০১ গড়ে এবং ১৩৯.৭৬ স্ট্রাইক রেটে ১,১৬৭ রান করেছেন, যার মধ্যে রয়েছে ৬টি পঞ্চাশ। বল হাতে নেন ৪১টি উইকেট।
বর্তমানে তিনি করাচি কিংসের হয়ে খেলছেন। চলতি টুর্নামেন্টে ছ'ম্যাচে করেন ১৩২ রান। বল হাতে নেন ৪টি উইকেটও।
তবে আইপিএল ও পিএসএল একই সময়ে হওয়ায় দুই লিগেই একসঙ্গে খেলার সুযোগ না পাওয়ায় কিছুটা আক্ষেপ রয়েছে মইনের। তিনি বলেন, ''কোথাও জায়গা নিশ্চিত নয়। এখানেও নয়। কিন্তু আমি যতটা সম্ভব ক্রিকেট উপভোগ করতে চাই। আমি সবসময়ে পিএসএল খেলার অভিজ্ঞতা নিতে চেয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত আইপিএলের সঙ্গে প্রায় একই সময়ে শুরু হয় পিএসএল।''















