আজকাল ওয়েবডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার জন্য সময়টা ভাল যাচ্ছে না।
ব্যাট বা বল হাতে হার্দিক কিন্ত মোটেও প্রভাব ফেলছেন না চলতি আইপিএলে। তাঁর নেতৃত্ব নিয়ে উঠেছে প্রশ্ন। জশপ্রীত বুমরাহকে সঠিক ভাবে ব্যবহার করতে পারছেন না বলে অভিযোগ হার্দিকের বিরুদ্ধে।
গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়ার উদ্দেশে কঠিন প্রশ্ন ছুড়ে দিয়েছেন। মম্বই ইন্ডিয়ান্সের হয়ে শেষ কবে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন হার্দিক?
নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেন, ''তুমি ব্যাটিং অর্ডার ঠিক করেছ। আমি সূর্যর কথা বলব না, কারণ আগেও অনেক ম্যাচ জেতানো ইনিংস খেলেছে ও। কিন্তু হার্দিক? আমি মনে করতে পারছি না তুমি শেষ কবে এমন ম্যাচ জেতানো ইনিংস খেলেছ। আমরা অনেক ভালো ক্যামিও দেখেছি, কিন্তু এমন ৭০ বা ৮০ রানের ইনিংস তোমার ব্যাট থেকে আসেনি।'' আকাশ চোপড়া বলতে চেয়েছেন, হার্দিক পাণ্ডিয়ার ট্রেডমার্ক ইনিংস দেখতে না পেয়ে বিস্মিত আকাশ চোপড়া।
তিনি আরও বলেন, মুম্বই ইন্ডিয়ান্সের এখন নতুন ভাবনা ও নির্ভীক মানসিকতার প্রয়োজন। মিডল অর্ডারের সমস্যার সমাধানে শেরফান রাদারফোর্ডকে উপরের দিকে ব্যাটিংয়ে নামানোর পরামর্শও দেন তিনি।
আকাশ চোপড়া বলছেন, ''দলের এখন নতুন আইডিয়া দরকার। শেরফান রাদারফোর্ডকে একটু উপরের দিকে ব্যাট করতে পাঠানো উচিত। এসব দরকার, কারণ সত্যিটা হলো পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এখন পয়েন্ট টেবিলের ১০ নম্বরে রয়েছে।''















