আজকাল ওয়েবডেস্ক: চেন্নাই সুপার কিংস শিবিরে বড় ধাক্কা। চলতি আইপিএল থেকেই ছিটকে গেলেন রামকৃষ্ণ ঘোষ।
চেন্নাই সুপার কিংসের বোলিং বিভাগে নেমে এল বড় বিপর্যয়। দলের উদীয়মান বোলিং অলরাউন্ডার রামকৃষ্ণ ঘোষের ডান পায়ে চিড় ধরায় আইপিএলের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেলেন তিনি।
সিএসকে-র পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়, ''রামকৃষ্ণ ঘোষ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চিপকে অনুষ্ঠিত ম্যাচে ডান পায়ে চিড় ধরে। আইপিএলের বাকি ম্যাচে আর দেখা যাবে না তাঁকে।''
দুর্ভাগ্যজনকভাবে শনিবার আইপিএলে অভিষেক হয়েছিল রামকৃষ্ণর। অভিষেক ম্যাচেই তিনি নজর কাড়েন। সূর্যকুমার যাদবের গুরুত্বপূর্ণ উইকেট নেন তিনি। ৩ ওভারে ২৪ রান দিয়ে ১ উইকেট শিকার করেন রামকৃষ্ণ।
২০২৫ সালের আইপিএল নিলামে সিএসকে তাঁকে দলে নিয়েছিল এবং ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ২০২৬ মরশুমেও রামকৃষ্ণকে ধরে রাখে ফ্র্যাঞ্চাইজি।
বিশেষ করে বিজয় হাজারে ট্রফিতে হিমাচল প্রদেশের বিরুদ্ধে এক ইনিংসে ৭ বা তার বেশি উইকেট নেওয়ার অসাধারণ কীর্তির পর তিনি নজরে আসেন।
এই চোটের জন্য সিএসকে পাচ্ছে না রামকৃষ্ণকে। ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে দলটি।
প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে এখন নতুন করে বোলিং কম্বিনেশন সাজাতে হবে চেন্নাই শিবিরকে।















