আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের আসন্ন মরশুমের জন্য কলকাতা নাইট রাইডার্সের (KKR) টাইটেল পার্টনার হওয়ার কথা ঘোষণা করল হিরো মোটোকর্পের ইলেকট্রিক মোবিলিটি ব্র্যান্ড VIDA।
জানা গিয়েছে, তিন মরশুমের দীর্ঘমেয়াদি পার্টনার হিসেবে চুক্তি হয়েছে দুই পক্ষের মধ্যে। এর ফলে কেকেআরের জার্সির সামনের অংশে টাইটেল স্পনসর হিসেবে দেখা যাবে VIDA-র লোগো।
এই পার্টনারশিপের মাধ্যমে VIDA ও কেকেআর একসঙ্গে যুক্ত হল পারফরম্যান্স, উচ্চাকাঙ্ক্ষা এবং নতুন প্রজন্মের ভারতীয়দের সঙ্গে সংযোগ তৈরির অভিন্ন লক্ষ্যে।
গতবারে কেকেআরে পারফরম্যান্স খুব একটা ভাল হয়নি। তবে এবার শাহরুখ খানের দল নতুন ভাবে শুরু করার লক্ষ্যে নিলামে নেমেছে।
অন্যদিকে, VIDA স্মার্ট ও টেকসই সমাধানের মাধ্যমে ভারতে ইলেকট্রিক মোবিলিটির পরিধি বাড়াতে কাজ করছে। নতুন পার্টনারশিপের পর কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর বলেন, ‘কলকাতা নাইট রাইডার্সের জার্সির সামনের টাইটেল পার্টনার হিসেবে VIDA-কে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। পার্টনারশিপ এবং প্রতিশ্রুতি দুই ব্র্যান্ডকে একসূত্রে বেঁধেছে।’
হিরো মোটোকর্পের ইমার্জিং মোবিলিটি বিজনেস ইউনিটের চিফ বিজনেস অফিসার কৌশল্যা নন্দকুমার বলেন, ‘কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে এই সংযোগ আমাদের আত্মবিশ্বাস বাড়াবে। এই পার্টনারশিপ হয়ে উঠবে নতুন ভারতের পরিচয়।’
জানা গিয়েছে, এই নতুন পার্টনারশিপের অংশ হিসেবে আইপিএল মরশুম জুড়ে VIDA বিভিন্ন ফ্যান এনগেজমেন্ট কার্যক্রমে যুক্ত থাকবে।
মাঠে ও মাঠের বাইরে শক্তি, গতিশীলতা ও নেতৃত্বের প্রতিফলন ঘটানো পারফরম্যান্সকে তুলে ধরাই এই উদ্যোগগুলির মূল লক্ষ্য।
উল্লেখ্য, এদিন নিলামে গ্রিনকে তুলে নিল কলকাতা। তাঁর দর যে আকাশ ছোঁবে এমনই ইঙ্গিত ছিল। গ্রিনকে নিয়ে ঝড় ওঠে নিলামের শুরুতে। কেকেআরের ঝুলিতে সব থেকে বেশি টাকা ছিল।
তারা যে গ্রিনকে নেওযার জন্য ঝাঁপাবে তা জানাই ছিল। একটা সময় পর্যন্ত কেকেআর ও রাজস্থানের মধ্যে লড়াই চলছিল। তার পরে গ্রিনকে নেওয়ার দৌড়ে উৎসাহ দেখায় চেন্নাই সুপার কিংস।
অস্ট্রেলিয়ান তারকা ক্যামেরন গ্রিনকে নিয়ে যে মিনি নিলামে ঝড় উঠবে, তা জানাই ছিল। নিলামের আগে থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যমে লেখা হচ্ছিল গ্রিনের দাম ২৫ কোটি ছাড়াবে।
নিলামের শুরুতে সেটাই ঘটল। ক্যামেরন গ্রিনকে শেষমেশ ২৫ কোটি ২০ লক্ষ টাকায় কিনে নিল কেকেআর। গ্রিনকে নিয়ে দড়ি টানাটানিতে কলকাতাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল রাজস্থান রয়্যালস।
পরে চেন্নাই সুপার কিংস আসরে নাম। এদিকে গ্রিনের দাম বাড়তে থাকে চড়চড় করে। শেষমেষ ২৫ কোটি ২০ লক্ষ টাকায় কলকাতার নব্য নাইট হলেন গ্রিন।
আইপিএলের ইতিহাসে ক্যামেরন গ্রিন সবথেকে দামি ক্রিকেটারদের তালিকায় তৃতীয় স্থানে। প্রথমে রয়েছেন ঋষভ পন্থ, তারপর শ্রেয়স আইয়ার। তারপরেই নাম উঠল গ্রিনের।
