আজকাল ওয়েবডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাঁচটি আইপিএল দলের একটি যারা এখনও পর্যন্ত ১৭টি আইপিএল সংস্করণে অংশগ্রহণ করেছে। তবে মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের মত আরসিবি এখনও তাদের প্রথম আইপিএল শিরোপার ঘরে তুলতে পারেনি। বেঙ্গালুরু ভিত্তিক এই ফ্র্যাঞ্চাইজিটি শেষ বছর সহ একাধিকবার আইপিএলে প্লে অফে পৌঁছাতে সক্ষম হলেও শিরোপা জেতার ক্ষেত্রে ব্যর্থ হতে হয়েছে। ২০২৫ আইপিএলে অপেক্ষার অবসান ঘটিয়ে ট্রফি ঘরে তুলতে চাইছে আরসিবি।
আর তার আগেই রিটেনশনে বড় চমক দিল দল। জানানো হয়েছে, আরসিবির তরফে মাত্র তিনজন ক্রিকেটারকে রিটেন করা হয়েছে। তার মধ্যে একজন আনক্যাপড ভারতীয় বোলার। এই তিন ক্রিকেটার হলেন বিরাট কোহলি, যশ দয়াল এবং রজত পাতিদার। জানা গিয়েছে, মোট ২১ কোটি টাকা দিয়ে বিরাট কোহলিকে রিটেন করেছে বেঙ্গালুরু। বছরের পর বছর আরসিবির হয়ে খেলে আসছেন কোহলি। বলতে গেলে, দলের প্রধান মুখই তিনি।
তবে তিনজন রিটেন করে নিলামে বড়সড় চমক দিতে পারে বেঙ্গালুরু, এমনটাই মনে করছে ক্রিকেট মহল। বিরাট ছাড়াও রজত পাতিদারকে আরসিবি রিটেন করেছে ১১ কোটি টাকায় এবং যশ দয়ালকে রিটেন করেছে ৫ কোটি টাকায়। নিলামের আগে মোট ৩৭ কোটি টাকা খরচ করা হয়েছে রিটেনশনের পিছনে। নিলামের আগে ছেড়ে দেওয়া হয়েছে মোট ২২ জন খেলোয়াড়কে। আইপিএল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, তিনটি রাইট টু ম্যাচ কার্ড এবং ৮৩ কোটি টাকার বিশাল অঙ্ক নিয়ে নিলামে বসবে বেঙ্গালুরু।
















