আজকাল ওয়েবডেস্ক: ইস্টবেঙ্গলকে আইএসএল চ্যাম্পিয়ন করে লাল-হলুদ শিবিরে এক ঐতিহাসিক অধ্যায় লিখে অবশেষে ক্লাবকেই বিদায় জানালেন অস্কার ব্রুজোঁ। শনিবার ইস্টবেঙ্গলে প্রাক্তন হয়ে গেলেন অস্কার। 

ক্লাব ছাড়ার সরকারি ঘোষণার পরই শুরু হয়েছে নতুন জল্পনা, স্প্যানিশ কোচের পরবর্তী গন্তব্য কোথায়? সূত্রের খবর, অস্কার ব্রুজোঁ গতকাল ইন্দোনেশিয়ার ক্লাব ‘ভয়ঙ্করা’-য়  ইন্টারভিউ দিয়েছেন। আর এর পরদিনই তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের বিদায়বার্তা প্রকাশ করেন। 

ইস্টবেঙ্গল অবশ্য তাঁকে কোচ হিসেবে রেখে দেওয়ার জন্য নতুন করে প্রস্তাব দিয়েছিল। কিন্তু শর্ত হিসেবে অস্কার দাবি করেছিলেন, দলে কেভিন সিবিয়ে, মহম্মদ রশিদ এবং মিগুয়েলকে রাখতে হবে। তবে মিগুয়েল ইতিমধ্যেই মোহনবাগানে সই করে দিয়েছেন। অন্যদিকে কেভিন সিবিয়ের সঙ্গে এখনও চূড়ান্ত কথাবার্তা হয়নি ইস্টবেঙ্গলের। একমাত্র মহম্মদ রশিদ ইতিমধ্যেই ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

এই পরিস্থিতিতে অস্কার জানিয়ে দিলেন তাঁর সিদ্ধান্ত। সোশ্যাল মিডিয়ায় দেওয়া বিদায়বার্তায় তিনি লেখেন, “অনেক ভেবে আমি সিদ্ধান্ত নিয়েছি ইস্টবেঙ্গলে আর কাজ করব না। এটা সহজ সিদ্ধান্ত ছিল না, তবে আমার কেরিয়ারের এই পরবর্তী পর্যায়ের জন্য এটিই সঠিক সিদ্ধান্ত।

আমরা একসঙ্গে যা গড়েছি, তার জন্য আমি গর্বিত। এএফসি আন্তর্জাতিক প্রতিযোগিতার শেষ পর্যায়ে পৌঁছনো, ২২ বছরের অপেক্ষার পর আইএসএল শিরোপা জয় এবং দুটি মেজর কাপ ফাইনালে অংশগ্রহণ।

এই সবকিছু সম্ভব হত না ক্লাবের ম্যানেজমেন্ট, খেলোয়াড়, স্টাফ এবং আপনাদের, আমাদের অসাধারণ আমাগো ফ্যানস ছাড়া, যারা পুরো মরশুম জুড়ে আমাদের পাশে ছিলেন। সবকিছুর জন্য ধন্যবাদ, ইস্টবেঙ্গল। আমার পরবর্তী অধ্যায় যথাসময়ে জানানো হবে।”

আইএসএল চলাকালীনই ইঙ্গিত মিলেছিল যে মরশুম শেষে অস্কার ব্রুজোঁ লাল-হলুদ শিবির ছাড়তে পারেন। তবে ক্লাব কর্তৃপক্ষ মরশুম শেষে তাঁকে ফেরানোর চেষ্টা করেছিল। শেষ পর্যন্ত দলগঠন সংক্রান্ত জটিলতা ও শর্তপূরণ না হওয়ায় সেই আলোচনা ফলপ্রসূ হয়নি।

ফলে ইস্টবেঙ্গলে কে কোচ হবেন, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অস্কারের পরবর্তী গন্তব্য কি ইন্দোনেশিয়া? নাকি এফসি গোয়া? সেই দিকেই এখন নজর ফুটবল মহলের।