আজকাল ওয়েবডেস্ক: লাল বলের ক্রিকেটে খারাপ ফর্ম অব্যাহত রোহিত শর্মার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিন মাত্র ২ রানে আউট হন ভারত অধিনায়ক। ১৬ বল ক্রিজে টেকেন।‌ কিন্তু কখনোই স্বচ্ছন্দ দেখায়নি রোহিতকে। শেষপর্যন্ত টিম সাউদির বল ক্রিজ ছেড়ে বেরিয়ে মারতে গিয়ে বোল্ড হন। ব্যাট এবং প্যাডের মধ্যে দিয়ে বল উইকেটে লাগে। বলটা বুঝতেই পারেননি। সুইংয়ে পরাস্ত হন। বাংলাদেশের বিরুদ্ধে দুটো টেস্টে ৩০ রানের গণ্ডি পেরোতে পারেননি। এদিন জঘন্যভাবে আউট হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে শুরু করেন। একজন সমর্থক লেখেন, রোহিত শর্মা সম্পূর্ণভাবে শেষ হয়ে গিয়েছে। এভাবে চলতে থাকলে শীঘ্র অবসর নেওয়া উচিত। আরেকজন লেখেন, দীর্ঘ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলেও তুমি ব্যাটার হিসেবে উল্লেখযোগ্য কিছু করতে পারনি। অবসর নেওয়ার জন্য অনুরোধ করছি। প্রতিভাবান তরুণদের জায়গা দখল করে থেকো না। তুমি শেষ হয়ে গিয়েছ।' 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলে দুটো পরিবর্তন হয়। সুযোগ পান সরফরাজ খান এবং কুলদীপ যাদব। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত। প্রথম দিনের খেলা বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় চারদিনে টেস্টের ফয়সালা হবে। ঘরের মাঠে ফেভারিট হিসেবে নেমে লজ্জার ইতিহাস ভারতের। টেস্ট ক্রিকেটের ইতিহাসে দেশের মাটিতে সর্বনিম্ন স্কোর। ভারতীয় দলের তারকা সমৃদ্ধ লাইন আপ ডাহা ফ্লপ। একেবারে নিম্ন পর্যায়ের ব্যাটিং। কে বলবে এদের এক একজনের নামের পেছনে ভুরিভুরি রেকর্ড আছে! তাবড় তাবড় ব্যাটাররা শুধু এলেন এবং গেলেন। দক্ষতা, স্কিলসেট, ট্যাকটিক্স সব উধাও। ভারতের কলঙ্কময় অধ্যায়ের সাক্ষী থাকল বেঙ্গালুরু।