আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেটের নতুন অধিনায়ক শুভমন গিল আবারও দখল করলেন ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থান। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারত ২-১ ব্যবধানে হারলেও, ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ফের শীর্ষস্থান ফিরে পেলেন গিল।
আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল শীর্ষস্থান হারানোর পর গিলের সামনে সুযোগ তৈরি হয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাম্প্রতিক ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের পারফরম্যান্সের পর মিচেল এক ধাপ নেমে যান। এর ফলে ছয় মাস পর ফের বিশ্বের এক নম্বর ওয়ানডে ব্যাটার হলেন ভারতীয় তারকা।
এর আগে ২০২৩ সালের নভেম্বরেই প্রথমবার ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিলেন শুভমন গিল। তবে চলতি বছরের জানুয়ারিতে ভারতের মাটিতে দুর্দান্ত পারফরম্যান্স করে ড্যারিল মিচেল তাঁকে সরিয়ে এক নম্বর স্থান দখল করেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন গিল। তিন ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ১৮৮ রান। এজবাস্টনে প্রথম ওয়ানডেতে ৮০ রানের অনবদ্য ইনিংস খেলে সিরিজের শুরুতেই নিজের ছন্দের প্রমাণ দেন তিনি। পরের দুই ম্যাচেও গুরুত্বপূর্ণ রান করে তিনি দেখিয়ে দেন, ৫০ ওভারের ক্রিকেটে ধারাবাহিকতার দিক থেকে তিনি বিশ্বের অন্যতম সেরা ব্যাটার।
টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়েও ভারতের আধিপত্য অব্যাহত রয়েছে। ৯১০ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বর স্থান ধরে রেখেছেন ঈশান কিষান। তালিকায় দুই ধাপ উঠে ষষ্ঠ স্থানে পৌঁছেছেন তিলক বর্মা, আর সাত ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠেছেন শ্রেয়স আইয়ার।
ভারতীয় বোলারদের মধ্যেও বড় লাফ দিয়েছেন রবি বিষ্ণোই। জিম্বাবোয়ের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্সের পর তিনি ৩১ ধাপ উঠে টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে ৪১ নম্বরে জায়গা করে নিয়েছেন।
শুভমন গিল থেকে বৈভব সূর্যবংশী,ভারতের তরুণ প্রজন্মের ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্সে আরও একবার উজ্জ্বল হয়ে উঠল ভারতীয় সাদা বলের ক্রিকেট।
















