আজকাল ওয়েবডেস্ক: ফুটবল মরশুম শেষে ইউনিটি কাপে অংশ নেবে ভারতীয় ফুটবল দল। লন্ডনে ২৬ থেকে ৩০ মে পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। চার দেশীয় টুর্নামেন্টে ভারত ছাড়াও খেলবে নাইজেরিয়া, জামাইকা এবং জিম্বাবোয়ে। চার্লটন অ্যাথলেটিক এফসির ঘরের মাঠ দা ভ্যালিতে হবে ম্যাচগুলো। ২৭ মে দ্বিতীয় সেমিফাইনালে জামাইকার বিরুদ্ধে খেলবে ভারত। খেলা শুরু সন্ধে সাড়ে সাতটায়। ২৬ মে নাইজেরিয়া এবং জিম্বাবোয়ের মধ্যে প্রথম সেমিফাইনাল। ৩০ মে ফাইনাল। 

আন্তর্জাতিক ম্যাচ খেলতে ২৪ বছর পর ব্রিটেনে ফিরবে ভারত। ২০০২ সালে শেষবার ইউকেতে খেলেছিল ভারতীয় ফুটবল দল। জামাইকার বিরুদ্ধে দুটো ম্যাচ খেলে। একটি ম্যাচে ০-৩ গোলে হারে, একটি ম্যাচ ড্র হয়। এর আগে নাইজেরিয়া এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে কখনও খেলেনি ভারত। ফেডারেশের সচিব সত্যনারায়ণ বলেন, '২৪ বছর পর ছেলেদের জাতীয় ফুটবল দল ব্রিটেনে ফিরবে। প্রথমবার ওখানকার আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়ে আমরা উচ্ছ্বসিত। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার সুযোগ ভারতীয় দলের সামনে। নাইজেরিয়া, জামাইকা এবং জিম্বাবোয়ের ফুটবলের ইতিহাস আছে। ফিফা বিশ্বকাপেও অংশ নিয়েছে। ভবিষ্যতের জন্য ভাল অভিজ্ঞতা হবে প্লেয়ারদের। সব সময় শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার সুযোগ পাওয়া যায় না। নিজেদের পরীক্ষা করার, উন্নত করার সুযোগ মিলবে। আমাদের সেই সুযোগ করে দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ। একটা প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের অপেক্ষায়।'

ফিফা ক্রমতালিকা অনুযায়ী, ১৩৬ নম্বরে রয়েছে ভারত। নাইজেরিয়া রয়েছে ২৬ নম্বরে, জামাইকা ৭১ নম্বরে এবং জিম্বাবোয়ের ১৩০ নম্বরে। সম্প্রতি এএফসি এশিয়ান কাপের যোগ্যতাঅর্জন পর্বে উদ্বুদ্ধ পারফরম্যান্সে হংকংয়ের বিরুদ্ধে জেতে খালিদ জামিলের ভারতীয় দল। এটাই ভারতীয় ফুটবলের টার্নিং পয়েন্ট হতে পারে।