আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেটে নেতৃত্ব ও স্কোয়াড নির্বাচন নিয়ে বড় ধরনের আলোচনা হবে নির্বাচকদের মিটিংয়ে। 

মঙ্গলবার গুয়াহাটিতে জাতীয় নির্বাচক কমিটির বৈঠকে টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। 

রিপোর্ট অনুযায়ী, ভারতের হেড কোচ গৌতম গম্ভীরের মতামত এই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। যদিও আসন্ন সিরিজে আফগানিস্তানের বিরুদ্ধে কোনও টি-টোয়েন্টি ম্যাচ নেই, তবুও নির্বাচক কমিটি ও বোর্ড সচিব দেবজিৎ সইকিয়ার মধ্যে ক্যাপ্টেন্সির পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই মিটিংয়েই নির্বাচকরা গম্ভীরের কাছ থেকে অধিনায়ক সূর্যকে নিয়ে মতামত শুনতে চাইবেন। সেই পরামর্শের উপরই নির্ভর করবে সূর্যকুমার যাদবের ভবিষ্যৎ। 

চলতি আইপিএলে হতাশাজনক পারফরম্যান্স করেছেন সূর্যকুমার যাদব। নির্বাচকদের সঙ্গে হতে চলা এই বৈঠকটি ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর প্রথম বড় নির্বাচক বৈঠক। সূর্যর হাতে টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব থাকবে কিনা তা পরিষ্কার হয়ে যাবে এই মিটিংয়ের পর।  

অন্যদিকে, টেস্ট দলের সহ-অধিনায়কত্ব এবং উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হতে পারে। রিপোর্টে বলা হয়েছে, নেতৃত্বের দায়িত্ব তাঁর ব্যাটিং পারফরম্যান্সে প্রভাব ফেলছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। 

আইপিএলে পন্থের ফর্ম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি টেস্টে শুভমন গিলের অনুপস্থিতিতে নেতৃত্বের সুযোগ পেয়েও কৌশলগত সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়েন পন্থ। 

এদিকে পন্থকে নিয়ে বোর্ডের এক সূত্র জানিয়েছে, ভারতীয় ক্রিকেট এমন একজন ম্যাচ উইনার ব্যাটসম্যানকে হারানোর ঝুঁকি নিতে পারে না। তবে নেতৃত্বের বাড়তি দায়িত্ব পেলে তাঁর ব্যাটিং স্বাভাবিক ছন্দে ব্যাহত হচ্ছে কি না, তা নিয়েও চিন্তা রয়েছে। 

 
সব মিলিয়ে গুয়াহাটির এই নির্বাচক বৈঠকে ভারতের টি-টোয়েন্টি ও টেস্ট নেতৃত্ব নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও দীর্ঘমেয়াদি রোডম্যাপ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।