আজকাল ওয়েবডেস্ক: অনূর্ধ্ব ১৯ মহিলা এশিয়া কাপ চ্যাম্পিয়ন  হল ভারত। ফাইনালে ভারত ৪১ রানে হারায় বাংলাদেশকে। প্রথমে ব্যাট করে ভারতের অনূর্ধ্ব ১৯ মহিলা দল করেছিল ৭ উইকেটে ১১৭ রান। রান তাড়া করতে নেমে বাংলাদেশ থেমে যায় ৭৬ রানে। 

ভারতের  জয়ের রূপকার গঙ্গাদি তৃষা। ফাইনালের সেরাও তিনি। ওপেন করতে নেমে ৪৭ বলে লড়াকু ৫২ রান করেন তিনি। তাঁর দৃঢ়তায় এবং ভারতীয় বোলারদের দাপটে বাংলাদেশ হার মানে এশিয়া কাপ ফাইনালে। 

কুয়ালালামপুরের বেউয়েমাস ওভালে টসে জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠায়  বাংলাদেশ। প্রথম পাঁচ ওভারের মধ্যে ২৫ রানে ২ উইকেট তুলে নেয়ে বাংলাদেশ। তাদের বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করেন। একের পর এক ভারতীয় ব্যাটারা এলেন আর গেলেন। একমাত্র তৃষা দাঁত কামড়ে পড়েছিলেন ক্রিজে। গতবছর দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পিছনে অবদান ছিল তৃষার। এশিয়া কাপ জিততেও তাঁর অবদান অনেক। তাঁর এবং নিকি প্রসাদের ৪১ রানের পার্টনারশিপ ভারতের জয়ের ভিত গড়ে দেয়। ভারতীয় ব্যাটারদের মধ্যে তৃষা ছাড়া আর কেউই উল্লেখযোগ্য  রান করতে পারেননি। 

রান তাড়া করতে নেমে প্রথম ৬ ওভারে ২ উইকেটে ৩৫ রান তুলেছিল বাংলাদেশ। কিন্তু পরের ছ'ওভারে বাংলাদেশের রান তোলার গতিতে রাশ টানে ভারত। কোনও বাউন্ডারি আসেনি এই সময়ে। উলটে আরও ২ উইকেট হারায় বাংলাদেশ।

শেষ ৮ ওভারে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল ৬৩ রান। খুব একটা কঠিন সমীকরণ নয়। কিন্তু তাদের ব্যাটিং ধসে পড়ে। ফাহোমিদা (১৮) ও ফোরদৌস (২২) ছাড়া আরক কেউই দু'অঙ্কের রান করতে পারেননি। মাত্র ৭৬ রানে থেমে যায় বাংলাদেশ।