আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডে পা রাখার আগে স্থির ছিল পাঁচটি টেস্ট ম্যাচ খেলবেন না জশপ্রীত বুমরাহ। তিনটি টেস্ট খেলবেন তিনি। কিন্তু ইংল্যান্ডের ঠান্ডা আবহাওয়ায় তাঁর শরীর সতেজ। ফলে আসন্ন টেস্ট সিরিজে বুমরাহকে তিনটির বেশি টেস্ট ম্যাচ খেলতে দেখলেও অবাক হওয়ার কিছু নেই। ভারতের তারকা পেসার স্বয়ং ইঙ্গিত দিয়েছেন, তিনি তিনটির বেশি টেস্ট ম্যাচ খেলবেন। 

প্রথম টেস্টে বুমরাহ ৮৩ রানের বিনিময়ে পাঁচটি উইকেট নেন। কিন্তু বাকিদের কাছ থেকে সেভাবে সাহায্য পাননি বুমরাহ। 

তৃতীয় দিনের খেলার শেষে বিবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে বুমরাহ বলেন, ''এখন আমি আগের থেকে সুস্থ বোধ করছি। ভারতের থেকে এখানে ঠাণ্ডা বেশি। আমি আগের থেকেও সতেজ এবং সুস্থ বোধ করছি। আশা রাখা যায় ভালই হবে আগামিদিনে।'' 

ব্যাট হাতে নেমে তিন-তিনটি সেঞ্চুরি করেছেন যশস্বী জয়সওয়াল, শুভমান গিল ও ঋষভ পন্থ। কিন্তু ফিল্ডিংয়ের সময়ে একাধিক ক্যাচ ফেলেন ভারতের ফিল্ডাররা। বুমরাহ বলছেন, ''মাঠে সময় আমি উপভোগ করেছি। কেউই ইচ্ছা করে ক্যাচ ফেলে না। কখনও কখনও ঠাণ্ডার জন্যই ক্যাচ ধরা কঠিন হয়ে পড়ে। আমি সব ভুলে এগিয়ে যাই।''