আজকাল ওয়েবডেস্ক: মেয়েদের টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করল বিসিসিআই। প্রত্যাশামতো দলকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর। সহ অধিনায়ক স্মৃতি মন্ধানা। দলে আছেন জেমাইমা রডরিগেজ, শেফালি বর্মা, রিচা ঘোষের মতো তারকা ক্রিকেটাররা। তবে দলে নেই একাধিক তারকা ক্রিকেটার। চোটের জন্য আসন্ন টি-২০ বিশ্বকাপের দল থেকে বাদ পড়লেন আমনজোৎ কৌর। হারলিন দেওল, প্রতিকা রাওয়াল এবং স্নেহ রানাও দলের অঙ্গ নয়। সুতরাং, একঝাঁক নতুন ক্রিকেটারকে নিয়ে বিশ্বযুদ্ধের লড়াইয়ে নামবেন হরমনপ্রীত। দল ঘোষণার পর সাংবাদিক সম্মেলনে ভারতের অধিনায়ক জানান, আমনজোতের পরিবর্তে মিডল অর্ডার ব্যাটার হিসেবে ভারতী ফুলমালিকে নেওয়া হয়েছে। মেয়েদের আইপিএলে আগ্রাসী ব্যাটিংয়ে নজর কাড়েন তিনি।
বিশ্বকাপের দল বাছাইয়ের ক্ষেত্রে ডব্লিউপিএলের পারফরম্যান্সকে গুরুত্ব দেওয়া হয়েছে। মেয়েদের আইপিএলের যৌথ সর্বোচ্চ উইকেটশিকারি নন্দিনী শর্মাও বিশ্বকাপের দলে সুযোগ পান। ১০ ম্যাচে ১৭ উইকেট নেন ভারতীয় পেসার। স্পিন বিভাগের দায়িত্ব থাকবে শ্রী চরণী, শ্রেয়াঙ্কা পাতিল এবং রাধা যাদবের ওপর। পেসারদের মধ্যে থাকছেন রেণুকা সিং ঠাকুর, অরুন্ধতী রেড্ডি, ক্রান্তি গৌর এবং নন্দিনী শর্মা। অলরাউন্ডার হিসেবে নেওয়া হয়েছে রাধাকে। ডব্লিউপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ব্যাট হাতে নজর কাড়েন। ব্যাক আপ উইকেটকিপার হিসেবে আছেন জস্তিকা ভাটিয়া। ইংল্যান্ড এবং ওয়েলসে বসবে মেয়েদের বিশ্বকাপের আসর। ১৪ জুন শুরু হবে। গত নভেম্বরে বিশ্বকাপ জেতে মেয়েদের দল। এবার সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ জেতার হাতছানি।
ভারতের টি-২০ দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), শেফালি বর্মা, জেমাইমা রডরিগেজ, ভারতী ফুলমালি, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, শ্রী চরণি, জস্তিকা ভাটিয়া, নন্দিনী শর্মা, অরুন্ধতী রেড্ডি, রেণুকা সিং ঠাকুর, ক্রান্তি গৌর, শ্রেয়াঙ্কা পাতিল, রাধা যাদব।















