আজকাল ওয়েবডেস্ক: আইপিএল শেষ হলেই আবার ফোকাস ফিরবে ভারতীয় দলে। আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। তারপর তিন ম্যাচের একদিনের সিরিজ। আফগানিস্তান সিরিজের জন্য ১৯ মে দল বাছা হবে। সেই অনুযায়ী, সম্ভাব্যদের আগে থেকেই ওয়ার্কলোড বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাটিংয়ে বিশেষ বদল হওয়ার সম্ভাবনা নেই। বোলিং বিভাগে কয়েকটি পরিবর্তন হতে পারে। টেস্টে বিশ্রাম দেওয়া হবে যশপ্রীত বুমরাকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অঙ্গ না হওয়ায় একাধিক নতুন মুখ দেখা যাবে। তারমধ্যে রয়েছে গুরনুর ব্রার। নির্বাচকদের নজর কেড়েছেন। এছাড়াও আরও কয়েকজন নির্বাচকদের তালিকায় আছে।
একদিনের দলে চমকের সম্ভাবনা কম। তবে দ্বিতীয় উইকেটকিপার ব্যাটার নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তালিকায় ছিলেন ঋষভ পন্থ। কিন্তু আইপিএলে টানা ব্যর্থতার মধ্যে দিয়ে যাওয়ায় আর নির্বাচকদের ভাবনায় নেই তিনি। দুর্দান্ত ছন্দে আছেন ঈশান কিষাণ। দ্বিতীয় উইকেটেকিপার হিসেবে তাঁকে সুযোগ দেওয়া হতে পারে। আগের বৈঠকেও তাঁর নাম নিয়ে আলোচনা হয়েছে। বাঁ হাতি ব্যাটার হওয়ার পাশাপাশি যেকোনও পজিশনে ব্যাট করতে পারেন। ফর্মে আছেন কেএল রাহুলও। তাঁর কথাও ভাবা হতে পারে। শোনা যাচ্ছে, প্রথম উইকেটকিপার হিসেবে তাঁকে নেওয়ার কথা ভাবছে নির্বাচকরা। পরের বছর দক্ষিণ আফ্রিকায় একদিনের বিশ্বকাপ। রাহুলের অভিজ্ঞতা কাজে লাগবে।
স্পিন বোলিং অলরাউন্ডারদের মধ্যে রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলের নাম বিবেচনা করা হতে পারে। চলতি আইপিএলে ছন্দে নেই জাদেজা। এটা তাঁর বিরুদ্ধে যেতে পারে। অলরাউন্ডার নিয়ে আলোচনা হবে নির্বাচকদের মধ্যে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ৫০ ওভারের বিশ্বকাপ নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। এখন দেখার, ১৯ মে নির্বাচনী বৈঠকের পরই দল ঘোষণা করা হবে, নাকি আরও কয়েকদিন অপেক্ষা করা হবে।















