আজকাল ওয়েবডেস্ক: হংকংয়ের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের শেষ ম্যাচের জন্য দল ঘোষণা করলেন খালিদ জামিল। মঙ্গলবার দুপুরে ২৩ জনের দল ঘোষণা করেন ভারতের হেড কোচ। জাতীয় দলের ফিরলেন আকাশ মিশ্র এবং টেকচাম অভিষেক সিং। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে গ্রুপ সিতে তিনটে হেরেছে এবং দুটো ম্যাচ ড্র করেছে ভারত। এএফসি এশিয়ান কাপের দৌড় থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে। ৩১ মার্চ শুধুই নিয়মরক্ষার ম্যাচ। তবে জয় দিয়ে শেষ করতে চাইবে মেন ইন ব্লু-রা। দলে দুটো চমক রয়েছে। অপ্রত্যাশিতভাবে সুযোগ পান বিজয় ভারগিজ। অন্যদিকে বাদ যান মেহতাব সিং।
এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার পর্বে অত্যন্ত হতাশাজনক রেজাল্ট ভারতীয় দলের। যার ফলে চারিদিক থেকে সমালোচনার মুখে পড়েন খালিদ জামিল। হংকংয়ের বিরুদ্ধে জয় সেই ক্ষতে কিছুটা প্রলেপ দিতে পারে। প্রথম পর্বে হেরেছিল ভারত। তখন কোচ ছিলেন মানোলো মার্কুয়েজ। স্টেফান পেরেইরা ফিগুইরেডোর একমাত্র পেনাল্টিতে ম্যাচ হারে ভারত। এবার জবাব দেওয়ার পালা। আগেরবার মোহনবাগান প্লেয়ারদের বাদ দিয়েই দল সাজিয়েছিলেন খালিদ। ফুটবলার ছাড়তে রাজি হয়নি মোহনবাগান ম্যানেজমেন্ট। যার ফলে তরুণদের নিয়ে দল গড়েছিলেন খালিদ। তবে এবার সেই সমস্যা নেই। প্লেয়ার ছাড়তে রাজি মোহনবাগান। তাই এবার সবুজ মেরুনের পাঁচজন ফুটবলারকে জাতীয় শিবিরে ডাকা হয়েছে। তালিকায় আছেন বিশাল কাইথ, অভিষেক সিং, সাহাল আব্দুল সামাদ, লিস্টন কোলাসো এবং মনবীর সিং। ইস্টবেঙ্গল থেকে ডাক পান আনোয়ার আলি, জিকসন সিং, লালেনমাওয়া রালতে এবং এডমুন্ড লালরিনডিকা।
একনজরে ভারতীয় দল:
গোলকিপার: আলবিনো গোমস, গুরপ্রীত সিং সান্ধু, বিশাল কাইথ।
ডিফেন্ডার: সন্দেশ ঝিঙ্গন, নাওরেম রোশন সিং, আকাশ মিশ্র, টেকচাম অভিষেক সিং, আনোয়ার আলি, বিজয় ভারগিজ, নিখিল পূজারী, রাহুল বেকে।
মিডফিল্ডার: আশিক কুরুনিয়ান, ড্যানিশ ফারুক ভাট, জিকসন সিং, লালেনমাওয়া লালতে, সাহাল আব্দুল সামাদ।
ফরোয়ার্ড: এডমুন্ড লালরিনডিকা, ফারুক চৌধুরী, লালিয়ানজুয়ালা ছাংতে, লিস্টন কোলাসো, মণবীর সিং, রায়ান উইলিয়ামস, রহিম আলি।
