আজকাল ওয়েবডেস্ক: জয়ের হ্যাটট্রিক করে ফেলেছে মোহনবাগান। আইএসএলে। কিন্তু এর মধ্যেও রয়েছে খারাপ খবর। আগামী শুক্রবার, ৬ মার্চ ঘরের মাঠে ওড়িশা এফসির বিরুদ্ধে খেলা রয়েছে মোহনবাগানের। সেই ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে হবে সবুজ–মেরুনকে। এই শাস্তি দিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।
এই শাস্তির কথা এক্স হ্যান্ডলে জানিয়েছে মোহনবাগান। তারা যে একেবারেই খুশি নয়, তা–ও স্পষ্ট করে দেওয়া হয়েছে। সেখানে লেখা, ‘চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন গ্যালারিতে মোহনবাগানের সমর্থকদের দুর্ব্যবহারের অভিযোগের প্রমাণ পাওয়া গিয়েছে বলে জানিয়েছে সর্বভারতীয় ফুটবল সংস্থার শৃঙ্খলারক্ষা কমিটি। সেই কারণে জরিমানা করেছে তারা। সেই জরিমানা ক্লাব মেনে নিয়েছে। কিন্তু তাতেও খুশি হয়নি এআইএফএফ। শুক্রবার ওড়িশা এফসির বিরুদ্ধে আমাদের ঘরের ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে করার নির্দেশ দেওয়া হয়েছে।’
মোহনবাগান জানিয়েছে, এই নির্দেশে তারা হতাশ। ক্লাব বিবৃতিতে লিখেছে, ‘ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির এই সিদ্ধান্তে মোহনবাগান হতাশ। আমরা জরিমানা মেনে নিয়েছিলাম। কিন্তু দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার নির্দেশ দিয়ে ক্লাবের হাজার হাজার সমর্থককে অন্যায় ভাবে শাস্তি দেওয়া হচ্ছে। সমর্থকরাই ক্লাবের প্রাণ।’
যদিও সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করেছে মোহনবাগান। তাদের কথায়, ‘সমর্থকদের জন্যই ফুটবল। তাই তাঁরা এর থেকে ভাল কিছুর প্রাপ্য।’ এখন দেখার, মোহনবাগানের আবেদনের পর ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি সিদ্ধান্ত বদল করে কি না।
