আজকাল ওয়েবডেস্ক: লন্ডনে হকি প্রো লিগে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই সেই চেনা উত্তেজনা। মঙ্গলবারের ম্যাচ সেই প্রত্যাশাকে ছাপিয়ে গেল। সাত গোলের রুদ্ধশ্বাস ম্যাচে শেষপর্যন্ত ৪-৩ গোলে জয় তুলে নেয় ভারত। শুরুতে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তন। ম্যাচের শুরুটা ছিল পাকিস্তানের। প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন আহমেদ নাদিম। তবে দ্বিতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়ায় ভারত। অভিষেক নেইন সমতা ফেরান। নীলকান্ত শর্মা দ্রুত দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন। 

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় ভারত। তৃতীয় কোয়ার্টারে সুখজিত সিং দুর্দান্ত গোল করে ৩-১ করেন। ম্যাচের শেষ কোয়ার্টারে রাজিন্দর সিং পেনাল্টি কর্নার থেকে শক্তিশালী ড্র্যাগ ফ্লিকে চতুর্থ গোল করে কার্যত জয় নিশ্চিত করেন। তবে শেষ মুহূর্তে কম নাটক ছিল না। পাকিস্তান হাল ছাড়েনি। খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে জোড়া গোল করে ব্যবধান কমায়। স্কোরলাইন ৪-৩ হয়। গোল করেন আবু বাকর এবং মঈন শাকিল। এমনকি ম্যাচের শেষ ১০ সেকেন্ড বাকি থাকাকালীন গোল পায় পাকিস্তান। কিন্তু ততক্ষণে আর কিছু করার ছিল না।

গোটা ম্যাচে ভারতের আক্রমণ অনেক বেশি সক্রিয় ছিল। একাধিক সুযোগ তৈরি হয়। যদিও এদিন অধিনায়ক হারমনপ্রীত সিং নিজের স্বাভাবিক ছন্দে ছিলেন না। কিন্তু দল হিসেবে ভারতের পারফরম্যান্স ছিল শক্তিশালী। অন্যদিকে পাকিস্তানের গোলকিপার আলি রাজা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে লড়াইয়ে রাখেন। জয়ের ফলে পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে উঠে এল ভারত। পাকিস্তান রয়েছে পয়েন্ট টেবিলের নিচের দিকে। এই ম্যাচ আবারও প্রমাণ করল, ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই শেষমুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনা।