আজকাল ওয়েবডেস্ক: অ্যাডিলেড টেস্টের আগে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ম্যাচে রোহিত শর্মা ব্যাটিং অর্ডারে নিজেকে পাঁচ নম্বরে রেখেছেন। আর তার পরই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি অ্যাডিলেডে হতে চলা পিঙ্ক বল টেস্টে রোহিত পাঁচ নম্বরেই ব্যাট করতে নামবেন?
পারথ টেস্টে খেলেননি হিটম্যান। দ্বিতীয়বার বাবা হওয়ায় পরিবারের সঙ্গে সময় কাটান তিনি। এখন অবশ্য রোহিত দলের সঙ্গে যোগ দিয়েছেন। অ্যাডিলেডে দলকে নেতৃত্ব দেবেন হিটম্যানই।
কিন্তু প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে গা ঘামানোর ম্যাচে রোহিত নিজেকে পাঁচ নম্বরে রাখায় অনেকেই মনে করছেন, অ্যাডিলেড টেস্টেও অধিনায়ক হয়তো পাঁচেই ব্যাট করবেন। ওপেন করবেন লোকেশ রাহুলই।
পারথে লোকেশ রাহুল ও যশস্বী জয়সওয়ালের দুর্দান্ত পারফরম্যান্সের জন্যই রোহিত নিজেকে ব্যাটিং অর্ডারে নিয়ে যাচ্ছেন নীচের দিকে। ৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে পিঙ্ক বল টেস্ট।
এদিকে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে দু' দিনের ম্যাচে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার রান ৬ উইকেটে ১৩৭। হর্ষিত রানা নেন ৪টি উইকেট।
















