আজকাল ওয়েবডেস্ক: রাজধানীতে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির কাছে হার মানল ভারত। দুটো টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জার্মানি ২-০ গোলে হারাল ভারতের হকি দলকে। 

প্রায় দশ বছর পরে হকি ফিরল রাজধানী দিল্লিতে। কিন্তু হেনরিক মার্টগেন্স ও লুকাস উইন্ডফেডারের গোলে শেষমেশ পার্থক্য গড়ে দেয় জার্মানি। ম্যাচটা ভারত হেরে গেলেও অসংখ্য গোলের সুযোগ তারা তৈরি করেছিল। আটটি পেনাল্টি কর্নার নষ্ট করে ভারত। অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের পেনাল্টি থামিয়ে দেন জার্মানির গোলকিপার।

জার্মানির এই দলে গনজালো পেইলাট, ক্রিস্টোফার রুরের মতো তারকা খেলোয়াড় ছিলেন না। জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন দলের কয়েকজন এবং অলিম্পিকের রুপো জয়ী দলের তারকাদের নিয়ে দল তৈরি করা হয়েছিল। 

খেলার চতুর্থ মিনিটেই গোল করে এগিয়ে যায় জার্মানি। বিরতির ঠিক আগে ২-০ করে জার্মানি। সিরিজের দ্বিতীয় ম্যাচ বৃহস্পতিবার।