আজকাল ওয়েবডেস্ক: ভারতের বিশ্বজয়ের প্রশংসা করলেন পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম।
নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। সূর্যকুমার যাদবদের এই বিশ্বজয়ের পরে অনেকেই সমালোচনা করে বলেছেন, ভারত পরিস্থিতির সুবিধা পেয়েছে। অনেক আবার বলেছেন পিচের সুবিধা গিয়েছে ভারতেরই অনুকূলে। এই পরিস্থিতিতে ইমাদ ওয়াসিম ভারতকেই কৃতিত্ব দিচ্ছেন।
পাক তারকা বলছেন, ''আমরা প্রায় শুনি কেউ কেউ বলছেন, আম্পায়াররা ভারতকে টেনেই খেলায়। অথবা স্পিন-বান্ধব পিচ তৈরি করে ভারতের জন্য। তবে এবারের টুর্নামেন্টে পিচে কিন্তু ভারসাম্যই ছিল। কখনও কখনও পরিস্থিতি ভারতের বিরুদ্ধেই গিয়েছিল। তবুও ভারত প্রাধান্য বজায় রেখে জিতেছে।''
ভারতের ধারাবাহিক পারফরম্যান্স দেখার পরে ইমাদ ওয়াসিম বলছেন, ''ভারত সবসময়ে পালানোর পথ তৈরি করে রাখে, আমাদের এই দাবি ঠিক নয়। ক্রিকেট খেলিয়ে দেশ হিসেবে ভারতের এই বিশ্বজয়ের প্রশংসা করতেই হবে। ক্রিকেটের দিক থেকে বিচার করা হলে বলতেই হবে, ভারত আমাদের থেকে অনেক এগিয়ে। শুধু পাকিস্তান নয়, অন্য অনেক দেশের থেকে এগিয়ে ভারত।''
সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত ইতিহাস তৈরি করেছে। প্রথম দেশ হিসেবে তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। আয়োজক দেশ হিসেবে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত। পরপর দু'বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার নজির গড়ল ভারত। এখনও পর্যন্ত কোনও দেশ কিন্তু টানা দু'বার বিশ্বকাপ জেতেনি।
