আজকাল ওয়েবডেস্ক: আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারত টি-টোয়েন্টি সিরিজে হার মেনেছে ০-২-এ। টি-টোয়েন্টি সিরিজে ভারতের হারের পরে টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরকে ঘিরে সমালোচনা আরও তীব্র হয়েছে। সোমবার সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ব্যঙ্গাত্মক পোস্ট করে চর্চায় আসে আইসল্যান্ড ক্রিকেট নামের একটি জনপ্রিয় অ্যাকাউন্ট।
আয়ারল্যান্ডের বেলফাস্টে অনুষ্ঠিত দুই ম্যাচের সিরিজে ভারত তাদের শক্তিশালী দল নিয়েও কোনও ম্যাচ জিততে পারেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ জয়ের পর এটিই ভারতের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ ছিল, ফলে এই ফলাফলকে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
আইসল্যান্ড ক্রিকেট তাদের পোস্টে গম্ভীরকে কটাক্ষ করে লেখে, ''আমরা নিশ্চিত করতে পারি যে গৌতম গম্ভীরকে আমাদের কোচিং স্টাফে নেওয়ার কোনও ইচ্ছা নেই। তবে তাঁর প্রতিভা আছে, কারণ এমন ভারতীয় দল নিয়ে আয়ারল্যান্ডে এমন ফল করা সত্যিই অসাধারণ দক্ষতার পরিচয়।''
পোস্টটি দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

দুই ম্যাচেই ভারতের ব্যাটিং ব্যর্থ হয়। ভারতের টি-টোয়েন্টি জয়ে ্বদান রাখা সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা ব্যর্থ হন। চাপের মুখে ভারতের কোনও ব্যাটারই নিজেদের তুলে ধরতে পারেননি। একের পর এক উইকেট হারিয়েছে ভারত। ফলে শেষমেশ গিয়ে হারতে হয়েছে দুটি টি-টোয়েন্টিতেই।
অন্যদিকে ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশীকে একটিও ম্যাচে খেলানো হয়নি, যার ফলে দল নির্বাচন নিয়েও প্রশ্ন উঠছে। কোচ গৌতম গম্ভীর অবশ্য দল নির্বাচনের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেছেন, এটি একটি নতুন সাইকেলের শুরু এবং দলকে ধৈর্য ধরে এগোতে হবে।
এবার ভারতীয় দলের সামনে ইংল্যান্ড। অনেকেই বলছেন, ভারতের লক্ষ্য ছিল ইংল্যান্ড সিরিজ। আইরিশদের বিরুদ্ধে সিরিজকে হালকাভাবে নিয়েছিল তারা।















